দীর্ঘ ১৯ বছরের মধ্যে এবারই প্রথম ফ্রেঞ্চ
ওপেনে খেলতে পারছেন না রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার
রাতে এক ঘোষণায় তিনি এ কথা জানিয়েছেন। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুপারস্টার এটাও
জানিয়েছেন, ২০২৪ সালের মৌসুম শেষে তিনি টেনিসকে বিদায় জানাবেন।
৩৬ বছর বয়সী নাদাল সরে দাঁড়ানোর ঘোষণায় বলেন,
‘আমি সিদ্ধান্তটি নেইনি, নিয়েছে আমার শরীর। রোলাঁ গারোঁয় খেলা আসলেই অসম্ভব।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত জানি, আগামী
বছরই সম্ভবত আমার শেষ। এখন যদি আমি খেলি, তবে হয়তো পরিকল্পনামতো শেষ করতে পারব
না।’
রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ দুজনই যুগ্মভাবে
সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড ম্লাম জয় করেছেন। এছাড়া ৭০টি এটিপি শিরোপা জিতেছেন নাদাল,
আর র্যাংকিংয়ে এক নম্বরে থেকেছেন ১০৯ সপ্তাহ—এটিপির ইতিহাসে যা ষষ্ঠ দীর্ঘতম।
‘মাটির কোর্টের রাজা’খ্যাত নাদাল ফ্রেঞ্চ
ওপেনে ১১৫ ম্যাচ খেলে ১১২টি জিতেছেন। স্পেনের মায়োর্কা থেকে উঠে আসা এই বামহাতি
খেলোয়াড় অবশ্য এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর খেলেননি। তখন পড়েছিলেন
হিপ ইনজুরিতে। সাম্প্রতিক সময়ে তিনি অনুশীলন করে গেছেও বড় টুর্নামেন্টে খেলার মতো
ফিট হয়ে উঠতে পারেননি।
আগামী ২৮ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন, শেষ
হবে ১১ জুন।










