চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২৮ জনের নাম প্রকাশ করে বিসিবি, যাদের চারটি গ্রেডে রাখা হয়েছে।
‘এ’ গ্রেডে ৮ লাখ, ‘বি’ গ্রেডে ৬ লাখ, ‘সি’ গ্রেডে ৪ লাখ ও ‘ডি’ গ্রেডে ২ লাখ টাকা বেতন পাবেন ক্রিকেটাররা। এর বাইরে ম্যাচ ফি ছাড়াও বিভিন্ন ফি আর বোনাস থেকে আয়ের সুযোগ রয়েছে ক্রিকেটারদের।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে কোনো ক্রিকেটারকে রাখেনি বিসিবি। আগের কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে মাসে ১০ লাখ টাকা পেলেও এবার পেস বোলার তাসকিন আহমেদকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। ‘এ’ গ্রেডে তার সঙ্গে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি লিটন দাস।
কে কোন গ্রেডে
গ্রেড ‘এ’: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।
গ্রেড ‘বি’: মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
গ্রেড ‘সি’: সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
গ্রেড ‘ডি’: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান।










