২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স শিরোপা জিততে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৫৬ বছর পুরনো রেকর্ড।

ওলিসের করা ৭ অ্যাসিস্টের ৫টিতেই গোল পেয়েছেন এমবাপে। যা নির্দিষ্ট দুই খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অ্যাসিস্টের রেকর্ড। তবে ওলিসে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখালেন। পুরো আসরে ২০টি শট নিলেও কোনো গোল করতে পারেননি ২৪ বছর বয়সী এ বায়ার্ন মিউনিখ তারকা। ২০১০ বিশ্বকাপেও মেসি সমান ২০ শটে কোনো গোল পাননি। যা এক আসরে গোল না পাওয়া কোনো খেলোয়াড়ের যৌথভাবে সর্বোচ্চ শট।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলে ৬টি অ্যাসিস্ট করে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড ছিল অটুট। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের শীর্ষস্থান দখল করলেন ওলিসে।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই নিজের সৃজনশীলতার ছাপ রেখেছেন ওলিসে। সেনেগালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে একটি অ্যাসিস্ট দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ইরাকের বিপক্ষে জয়ে করেন আরও দুটি অ্যাসিস্ট। শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারানোর ম্যাচেও জোড়া অ্যাসিস্ট করে চার ম্যাচেই নিজের অ্যাসিস্ট সংখ্যা পাঁচে নিয়ে যান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের দুটি গোল বানিয়ে দিয়ে রেকর্ডটি নিজের করে নেন।