আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম সিরিজ জয়ের দ্বারপ্রান্তে শ্রীলংকা। বাংলাদেশকে কলম্বো টেস্টে হারিয়ে ১-০-তে সিরিজ জিততে সিংলিজদের চাই আর মাত্র চারটি উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ২ উইকেটে ২৯০ রান তুলে বৃহস্পতিবার দ্বিতীয় দিন মাঠ ছাড়ে শ্রীলংকা। গতকাল দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের প্রতিরোধের মুখে ৪৫৮ রানে অলআউট হয়ে যায় সিংহলিজরা। ততক্ষণে ২১১ রানের লিড নিশ্চিত হয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দলটির। লংকানরা সাড়ে চারশর বেশি রান তুললেও সেই একই পিচে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশ ১১৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। এতে ইনিংস হারের মুখে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দুই ইনিংস মিলিয়ে লংকানদের এক ইনিংস থেকে এখনো ৯৬ রান দূরে বাংলাদেশ। তৃতীয় দিন গোধূলীবেলায় মেহেদী হাসান মিরাজকে হারিয়ে বড় বিপদের মুখে অতিথি দলটি। ইনিংস হার এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ন্যূনতম ৯৭ রান। ইনিংস হার এড়াতে পারলেও ম্যাচ বাঁচানো অসম্ভবই। কারণ সামনে এখনো দুদিনের খেলা বাকি, আর বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চার উইকেট। তাও স্বীকৃত ব্যাটার বলতে টিকে আছেন শুধু লিটন দাস। তিনি ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ১৩১ রানে ৫টি ও ডানহাতি অফ স্পিনার নাঈম ৮৭ রানে ৩টি উইকেট নিয়ে শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেন। শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ১৫৮, দিনেশ চান্দিমাল ৯৩ ও কুশল মেন্ডিস ৮৪ রান করেন।

বিদেশে টেস্টে ৫ উইকেট নেয়ায় সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। সাকিব বিদেশে ২৬ টেস্ট খেলে ৫ বার ৫ উইকেট নেন। তাইজুলও গতকালসহ মোট ৫ বার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন। এটা বিদেশে তাইজুলের ১৮তম টেস্ট। এছাড়া মোহাম্মদ রফিক ১৫ টেস্টে ও মেহেদী হাসান মিরাজ ২৭ টেস্টে ৩ বার ৫ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে টেস্টে ১৭তম বার ইনিংসে ৫ উইকেট নেন তাইজুল।

১৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নিশাঙ্কাকে সকালে ১৫৮ রানে ফিরিয়েছেন তাইজুল। শর্ট কভারে তার ক্যাচটি নেন এনামুল হক বিজয়। ১৯ বলের ব্যবধানে ধনাঞ্জয়া ডি সিলভা ও প্রবথ জয়সুরিয়াকে সাজঘরে পাঠায় বাংলাদেশ। ধনাঞ্জয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল, আর নাইটওয়াচম্যান প্রবথকে শিকারে পরিণত করেন নাহিদ রানা। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ভোগাচ্ছিলেন কামিন্দু মেন্ডিস। তাকে বোল্ড করেন নাঈম। কামিন্দু ৪১ বলে ৩৩ রান করেন। এরপর কাউন্টার অ্যাটাকে ৮৭ বলে ৮৪ রান করে শ্রীলংকার স্কোরটা বড় করেন কুশল মেন্ডিস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৪৭ ও ১১৫/৬ (মুশফিক ২৬, এনামুল ১৯, শান্ত ১৯, মুমিনুল ১৫, লিটন ১৩*; ধনাঞ্জয়া ডি সিলভা ২/১৩, প্রবথ ২/৪৭)। শ্রীলংকা: ৪৫৮ (পাথুম ১৫৮, চান্দিমাল ৯৩, কুশল ৮৪; তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭)। —তৃতীয় দিন শেষে।