ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্পেনের লা লিগা ও ইতালির সিরি-এ লিগে শিরোপার নিষ্পত্তি এরই মধ্যে হয়ে গেছে। ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সে চলছে শেষ মুহূর্তের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার রাতেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে ম্যানচেস্টার সিটির। আজ রাত ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনাল হারলেই চ্যাম্পিয়ন সিটি। আজ না হলেও কাল রোববার ঘরের মাঠে চেলসিকে হারিয়ে পেপ গার্দিওলার দল শিরোপা উৎসব করতে পারে। সেটি করতে পারলে গৌরবের ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের দিকে এগিয়ে যাবে সিটিজেনরা।

 

৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানসিটি। ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল আর্সেনাল, যারা আজ রাতে মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। আজ আর্সেনাল হারলে সিটির শিরোপা নিশ্চিত হবে। আর আর্সেনাল জিতলে কাল শিরোপা উৎসব করার সুযোগ আসবে ম্যানচেস্টার জায়ান্টদের সামনে। সেক্ষেত্রে তাদের জিততে হবে চেলসির বিপক্ষে।

 

আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলায় ম্যানসিটি অবশ্য বেশ কয়েকটি সুযোগ পাবে শিরোপা জেতার। কাল ঘরের মাঠে চেলসির বিপক্ষে, ২৪ মে ব্রাইটনের মাঠে ও ২৮ মে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে সিটিজেনরা। আর আজকের ম্যাচ শেষে আর্সেনালের বাকি থাকল একটি—২৮ মে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।

 


তবে শিরোপা জয় অতটা সহজ মনে করছেন না ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। এ সপ্তাহে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করার কাজটিকে তার কাছে মনে হয় উইম্বলডনে চ্যাম্পিয়নশিপ পয়েন্টের জন্য সার্ভ করার মতোই। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘‌টেনিস খেলোয়াড়রা বলে থাকেন, উইম্বলডন শিরোপা জয়ের জন্য সার্ভ করাটা সবচেয়ে কঠিন কাজ। এটা যেন বিরতিহীন। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে আমরা সন্তুষ্ট, কিন্তু এখন সামনে এসেছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু হ্যাঁ, রোববার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার শিরোপা জয় করাটা কিন্তু আমাদেরই হাতে।’

 

সিটি তাদের পরের সবকটি ম্যাচ হারলেই কেবল আর্সেনালের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু অবিশ্বাস্য ফর্মে থাকা সিটিকে কে রুখবে? শিরোপা ধরে রাখা এখন সিটি খেলোয়াড়দেরই হাতে। কোনোভাবে পা হড়কালেই সুযোগটা লুফে নেবে গানাররা।

 

শুক্রবার সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আরতেতা এখনো শিরোপা জয়ের সম্ভাবনা আছে কিনা, সেই প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের বৃহত্তর চিত্রটা দেখতে হবে। কিছু কিছু ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না। এখন পর্যন্ত মৌসুমে যা করেছি আমরা, তাতে এই ক্লাবের প্রত্যেকেই কৃতিত্ব পেতে পারে। এই মৌসুমে আমরা দেখিয়েছি যে আমরা সমর্থ। আমরা এখনো চ্যাম্পিয়নদের বিপক্ষে চ্যাম্পিয়ন হতে পারি। তর্কাতীতভাবেই গত কয়েক বছর ধরে সিটি প্রিমিয়ার লিগে সেরা দল। আমাদের লড়াই এই লিগের মান প্রদর্শন করছে। ম্যানচেস্টার সিটির সামর্থ্য রয়েছে ১০ পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতার, কিন্তু তারা এ মৌসুমে সেটা পারেনি আমাদের কারণে।’

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেভিওয়েট রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলে ৫-১ গোলের ব্যবধানে হারানো সিটির সামনে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার মুকুট, প্রিমিয়ার লিগ ছাড়াও রয়েছে এফএ কাপ জয়ের সুযোগ। ৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। ১০ জুন তুরস্কের ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান।  

 ‌