বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায় আফগানিস্তান। ওই টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল কৃতী স্পিনার রশিদ খানকে। এবার বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরলেন তিনি। এই দলে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবিও। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই।

ওয়ানডে দলে ঠাঁই পাননি স্পিনার নূর আহমেদ। আইপিএলে এবার গুজরাট টাইটান্সের হয়ে খেলা নূর ছিলেন শ্রীলংকা সফরের ওয়ানডে দলে। তবে বাংলাদেশ সফরের দলে জায়গা পাননি এই তরুণ।

গত বিগ ব্যাশে আলো ছড়ানো লেগস্পিনার ইজহারুলহক নাভিদকে প্রথমবার ওয়ানডে দলে ডাকা হয়েছে। এছাড়া নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন শহিদউল্লাহ, ওয়াফাদার মোমান্দ, জিয়া-উর-রেহমান, মোহাম্মাদ সালিম ও সৈয়দ শিরজাদ।

বাংলাদেশের বিপক্ষে ১৯ জনের স্কোয়াড ঘোষণা ছাড়াও ভবিষ্যতের কথা মাথায় রেখে ও আসন্ন বিশ্বকাপের জন্য ১০ জনের রিজার্ভ স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই রিজার্ভ স্কোয়াডে আছেন করিম জানাত, কাইস আহমেদ, জুবাইদ আকবারি, ইহসানউল্লাহ, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নবীন-উল-হক, ফরিদ মালিক, দারউইশ রাসুলি ও ইশাক রাহিমি।   

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, জিয়া-উর-রেহমান, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ওয়াফাদার মোমান্দ, ইব্রাহিম জাদরান, রশিদ খান, রহমত শাহ, মুজিব উর রহমান, রিয়াজ হাসান, সৈয়দ শিরজাদ, মোহাম্মাদ সালিম, ফজলহক ফারুকি, ইজহারুলহক নাভিদ, নাজিবউল্লাহ জাদরান, আবদুল রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও শহিদউল্লাহ।