অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ২০২৫-২৬ আসর আজ রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো। সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পার্থ স্কোরচার্স। এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মেলবোর্ন স্টারসের হয়ে খেলা পাকিস্তানের পেস বোলার হারিস রউফ। তিনি নিয়েছেন ১১ ম্যাচে ২০ উইকেট। বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন হোবার্ট হারিকেনসের হয়ে খেলে নিয়েছেন ১৫ উইকেট। হারিস এই লিগে শীর্ষ উইকেট শিকারি হলেও জায়গা পেলেন না পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে!
আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এ দলে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম, যদিও জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ানের। তবে অবাক করার মতো বিষয় হলো হারিসের না থাকা। দুর্দান্ত ফর্মে থাকার পরও তাকে কেন উপেক্ষা করলেন পিসিবির নির্বাচকরা, সেটিই বিস্ময়ের।
২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান, যে সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে পিসিবি। সেই দলটি প্রায় অপরিবর্তিত রেখে বিশ্বকাপে যাবে পাকিস্তান। যদিও ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে বলে খেলোয়াড়দের পারফরম্যান্স আলাদাভাবে মূল্যায়নের সুযোগ নেই।
হারিসের জায়গা না পাওয়ার পেছনে কারণ এশিয়া কাপ ফাইনালে তার ব্যয়বহুল বোলিং। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ১৮তম ওভারে তিনি ১৮ রান দেন, যখন ভারতের প্রয়োজন ছিল ৩০ রান। শেষ ওভারে যখন ১০ রান লাগে তখন শেষ চার বলে খরচ করেন ১৩ রান। এরপর থেকেই তিনি টি-টোয়েন্টি দলে জায়গা হারান।
৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলম্বোয় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। যদিও পাকিস্তানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভী বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ সফর থেকে দেশে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এ নিয়ে পিসিবির প্রধান নির্বাচন আকিব জাভেদ বলেছেন, ‘আমরা নির্বাচক, আমাদের কাজ দল নির্বাচন করা। আমরা ডেডলাইনের খুব কাছাকাছি সময়ে দল ঘোষণা করেছি। বিশ্বকাপে দল অংশগ্রহণ করবে কিনা, সেটা নির্ধারণ করবে সরকার, এ নিয়ে আমরা কিছু বলতে চাই না। চেয়ারম্যানও সেটাই বলেছেন, আমরা শুধু সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মাদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।









