সদ্যই সাফ ফুটসাল শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ওই দলটির অধিনায়ক সাবিনা খাতুন একাই ১৪ গোল করে দেশকে সাফ শিরোপা এনে দিতে অনন্য ভূমিকা রাখেন। এরপরই তিনি বলছিলেন, ডাক পেলে দেশের হয়ে আগামী উইমেনস এশিয়ান কাপে খেলতে তৈরি আছেন তিনি। যদিও তার এ আশা পূরণ হচ্ছে না। এশিয়ান কাপের ২৯ জনের প্রাথমিক দলে তাকে রাখেননি কোচ পিটার বাটলার। বুধবার রাতে ঘোষণা করা দলে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা থাকলেও সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার নেই।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে উইমেনস এশিয়ান কাপ, যা শেষ শেষ হবে ২১ মার্চ। এ উপলক্ষে বুধবার প্রস্তুতিও শুরু করেছে দল। এদিনই সাফ অনূর্ধ্ব-১৯ উইমেনস চ্যাম্পিয়নশিপ খেলতে দল নিয়ে নেপালে পৌঁছেছেন বাটলার।

বুধবার রাতে উইমেনস এশিয়ান কাপের প্রাথমিক দল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে বাফুফে। সেখানে সাবিনা, মাসুরার মতো গত উইমেনস সাফ জয়ী দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা, মিডফিল্ডার মাতসুশিমা সুমাইয়া ও ফরওয়ার্ড সানজিদা আক্তারকেও রাখেননি বাটলার।

এ দলে চমক হিসেবে আছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

২০২৪ সালে নেপালে উইমেনস সাফ জিতে আসার পর সাবিনা, মাসুরা, মাতসুশিমা সুমাইয়াসহ মোট ১৮ জন নারী ফুটবলার বিদ্রোহ করেন বাটলারের বিরুদ্ধে। কোচের বিরুদ্ধে ‘বডি শেমিং’-এর মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন তারা। তারা কোচের পদত্যাগ দাবি করেন। যদিও এ বিদ্রোহ করতে গিয়ে শেষ পর্যন্ত তারাই দলে ব্রাত্য হয়ে পড়েছেন।

পরে মনিকা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়রকে জাতীয় দলে ডাকা হলেও সাবিনা, মাসুরা, কৃষ্ণা ও সানজিদা এখনো উপেক্ষিত। এশিয়ান কাপেও ডাক পেলেন না।

এই প্রথম মেয়েদের এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ৩ মার্চ চীনের বিপক্ষে, ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের প্রাথমিক দল: শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, ফেরদৌসী আক্তার, কোহাতি কিসকু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, সাগরিকা, উমহেলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুই, আনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।