ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। আজ রোববার সন্ধ্যায় অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়। সেখানে ৪-৩ গোলে হার মানে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সিঙ্গামাইয়ুম শামির গোলে এগিয়ে যায় ভারত। ৬১ মিনিটে জয় আহমেদের গোলে সমতা আনে বাংলাদেশ। যদিও টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় হেরে যায় লাল-সুবজ জার্সিধারীরা।
ছেলেদের বয়সভিত্তিক সাফে গতকালের আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একবার। গত বছর অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে নেপালকে হারায় বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রথমবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে নেপাল। পরের দুই আসর হয় অনূর্ধ্ব-১৮। যে দুবার ফাইনালে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ভারত ও নেপাল একবার করে শিরোপা পায়। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে ভারতের কাছে হেরে আবার শিরোপা হাতছাড়া করে যুবারা। আর ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।









