ওসাসুনার বিপক্ষে আজ রাতে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ম্যাচটি ক্লাবের জন্য একটি নতুন যুগের সূচনা। গত মৌসুমে কোনো বড় শিরোপা জিততে না পারা এবং কার্লো আনচেলত্তির বিদায়ের পর লস ব্লাঙ্কোসরা কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নতুন করে ক্লাবকে সাজানোর দায়িত্ব দেন আলোনসোর কাঁধে। আর এই পুনর্গঠনে খেলোয়াড় কেনায় খরচ করা হয়েছে প্রায় ১৮০ মিলিয়ন ইউরো। নতুনদের তালিকায় রয়েছেন ডিফেন্ডার ডিন হুইসেন, আলভারো কারেরাস এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এছাড়া দলে এসেছেন তরুণ আর্জেন্টাইন প্লেমেকার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
গত মৌসুমে এল ক্ল্যাসিকোসহ বিগ ম্যাচগুলোয় বারবার সামনে আসছিল রিয়ালের দুর্বলতাগুলো। আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল (৫-১ গোলে হার) এবং বার্সেলোনার বিপক্ষে (কোপা দেল রে ফাইনালসহ তিনটি ভিন্ন প্রতিযোগিতায় চার ম্যাচে ১৬ গোল হজম) লজ্জাজনক হারগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দলের আসল অবস্থা।
সাম্প্রতিক বছরগুলোতে দলবদলে আনচেলত্তির ভূমিকা খুব একটা ছিল না বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। অনেকেই মনে করেন, আনচেলত্তির মতো পেরেজও অবশেষে অনুভব করেন যে, রক্ষণভাগে বড় বিনিয়োগ জরুরি।

লিভারপুল থেকে আলেকজান্ডার-আর্নল্ডকে কেনার পরিকল্পনা আনচেলত্তির প্রস্থানের অনেক আগে থেকেই ছিল। ইংলিশ এই তারকা রাইট-ব্যাককে ১০ মিলিয়ন ইউরো খরচ করে ক্লাব বিশ্বকাপের জন্য দলে আনা হয়। বোর্নমাউথের থেকে সেন্টার হাফ হুইসেন এবং বেনফিকার লেফটব্যাক কারেরাসকে দলে আনার ব্যাপারে আলোনসো সক্রিয় ছিলেন। আনচেলত্তির রক্ষণাত্মক কৌশলের পরিবর্তে আলোনসো চান আক্রমণাত্মক, হাই-প্রেসিং ফুটবল। এই দুই খেলোয়াড় তার পরিকল্পনার সঙ্গে মানানসই।
এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়া খেলোয়াড়দের ব্যাপারেও সিদ্ধান্ত নেয় ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তারা। জেসুস ভায়েহো সবসময়ই দল ছাড়ার তালিকায় ছিলেন। আর আলোনসোর প্রাক্তন সতীর্থ লুকা মদ্রিচ এবং লুকাস ভাজকেজকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়নি।
ক্লাব বিশ্বকাপ ছিল আলোনসোর জন্য বড় চ্যালেঞ্জ। নতুন দলের সঙ্গে পরিচিত হওয়া, নতুন রক্ষণভাগ গড়ার সঙ্গে আগের ক্লাব বেয়ার লেভারকুসেনে সফল হওয়া কৌশলও প্রয়োগ করতে হয়েছে। কমপ্যাক্ট দল গঠন, দ্রুত কাউন্টার-প্রেসিং এবং নির্দিষ্ট খেলার ধরন— জায়ান্ট রিয়ালে কৌশলগুলো কতটা কাজ করবে তার ওপর অনেকাংশেই নির্ভর করছে নতুন মৌসুমে রিয়ালের পারফরমেন্স।
রিয়ালের নতুন ফিটনেস কোচ ইসমাইল কামেনফোর্টে লোপেজের নতুন পদ্ধতি ছিল শারীরিক প্রস্তুতির সঙ্গে ম্যাচের পরিস্থিতিকে মিলিয়ে অনুশীলন করা। পূর্বসূরি আন্তোনিও পিন্তুসের পুরনো পদ্ধতির চেয়ে এটা অনেকটাই আলাদা। ড্রোন ব্যবহার করে প্রতিটি অনুশীলনের ভিডিও ধারণ এবং আলোনসোর চাহিদা অনুযায়ী সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত ভিডিও বিশ্লেষণ তৈরি করা ছিল আরো একটি নতুন সংযোজন।
কোচিং স্টাফের একটি সূত্র দ্য অ্যাথলেটিককে বলেন, ‘প্রধান লক্ষ্য ছিল দলের গতিশীলতা পাল্টানো। আরো বেশি ভিডিও, আরো মনোযোগ, আরো বিস্তারিত বিশ্লেষণ এবং সময়ানুবর্তিতা ও তীব্রতার মতো বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেয়া।‘
টুর্নামেন্ট যত এগিয়েছে, ব্যক্তিগত এবং সম্মিলিত পারফরম্যান্সের গ্রাফ ততোই উঁচুতে উঠেছে। আনচেলত্তির ৪-৩-৩ ফর্মেশনটি বেশিরভাগ সময় ধরে রাখা হলেও মাঝেমধ্যে তিন ডিফেন্ডারের কৌশলও পরীক্ষা করেছেন আলোনসো। জুভেন্টাস (১-০) এবং বরুসিয়া ডর্টমুন্ডের (৩-২) বিপক্ষে জয়গুলোতে আলোনসোর ইতিবাচক প্রভাব ছিল স্পষ্ট। জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়াঁ শুয়ামেনি এবং আলেকজান্ডার-আর্নল্ডকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পজিশনে খেলিয়েছেন কোচ।
তরুণ খেলোয়াড়দের প্রতিও আস্থা বেড়েছে তার। গত মৌসুমে বেঞ্চে বসে থাকা আর্দা গুলার নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন। রদ্রিগো ও ব্রাহিম দিয়াজকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়া। দুটি সিদ্ধান্তই ফল দিয়েছে। গুলার নতুন প্লেমেকার হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন গুলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ছয় ম্যাচে চার গোল করেন গনজালো গার্সিয়া।

তবে পিএসজির কাছে সেমিফাইনালে ৪-০ গোলের অসহায় আত্মসমর্পণ ছিল লস ব্লাঙ্কোসদের জন্য বিব্রতকর। তবে আলোনসো এবং ক্লাব কর্মকর্তাদের অনেক কিছু শিখিয়েও গেছে এই হার। আসেনসিও এবং আন্তোনিও রুডিগারের মারাত্মক ভুলে পরিষ্কার হয়, দলে আরো ডিফেন্ডার প্রয়োজন।
ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের খেলোয়াড়রা ছুটিতে গেলেও বার্নাব্যুতে পরিকল্পনা চলতে থাকে। ছুটির মধ্যেও আলোনসো ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন।
দলে যোগ দেন প্রতিভাবান আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো। ৬৩ দশমিক ২ মিলিয়ন ইউরো খরচ করে তাকে সান্তিয়াগো বের্নাব্যুতে আনার প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন আলোনসো। লেফটব্যাক পজিশন শক্তিশালী করতে কারেরাসকে ফিরিয়ে আনারও সিদ্ধান্ত নেয়া হয়। বেনফিকার সঙ্গে সম্পন্ন হয় ৫০ মিলিয়ন ইউরোর চুক্তি।
নতুন খেলোয়াড় নেয়ার ব্যাপারে রিয়াল এখনো আগ্রহী। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, দলের কোনো খেলোয়াড়ই ক্লাব ছাড়তে রাজি নয়। স্প্যানিশ দৈনিক মার্কা গত ১ আগস্ট তাদের প্রচ্ছদে নয়জন রিয়াল খেলোয়াড়ের ছবি প্রকাশ করেছে। আন্দ্রি লুনিন, ফ্রান গার্সিয়া, ফেরলঁ মঁদি, ডেভিড আলাবা, রুডিগার, দানি সেবায়োস, গনজালো গার্সিয়া, এন্ড্রিক এবং রদ্রিগো— এই ৯ জন আলোনসোর মূল পরিকল্পনার অংশ ছিলেন না, কিন্তু থাকতে চান সবাই।
রদ্রিগোকে বড় অঙ্কের বিনিময়ে বিক্রি করতে চায় রিয়াল। কিন্তু ক্রেতা খুঁজে পাওয়াই এখন মুশকিল। এই অর্থ দিয়ে একজন অভিজ্ঞ মিডফিল্ড ‘অর্গানাইজার’ কিনতে পারলে তা আলোনসোর জন্য আদর্শ হতো। ম্যানচেস্টার সিটির হোল্ডিং মিডফিল্ডার রদ্রির নাম ক্লাবের আশপাশে শোনা গেলেও এই গ্রীষ্মে তাকে কেনার কোনো পরিকল্পনা নেই।
তিনজনের রক্ষণভাগ খেলাতে হলে একজন অভিজ্ঞ সেন্টারব্যাকও দরকার আলোনসোর। তবে, পিএসজির বিপক্ষে হারের পর থেকে সবচেয়ে বড় কৌশলগত সমস্যা হলো, আলোনসোর হাই-এনার্জি, হাই-প্রেসিং কৌশলে এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে একাদশে কীভাবে ফিট করা যায়।

স্পর্শকাতর বিষয় এটাই। ভিনিসিয়াস জুনিয়রের নতুন চুক্তির আলোচনা থেমে গেছে। ২০২৪ সালের ব্যালন ডি’অর জিততে না পারার পর থেকেই তার ফর্মের অবনতি ক্লাব কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে। অন্যদিকে, এমবাপ্পেকে দেয়া হয়েছে মদ্রিচের ১০ নম্বর জার্সি। যদিও ক্লাবের নিয়ম অনুযায়ী পুরোনো খেলোয়াড়দেরই এই সম্মানে অগ্রাধিকার থাকে। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিককে ৯ নম্বর জার্সি দেয়াও বিতর্কের বাইরে থাকেনি।
এরই মধ্যে ভালদেবেবাসের ট্রেনিং সেন্টারে চলছে নতুন পরিবর্তন। ক্লাবের মেডিকেল টিমকেও ঢেলে সাজানো হয়েছে। পিন্তুসকে দৈনন্দিন অনুশীলন থেকে সরিয়ে আনা হয়েছে 'পারফরম্যান্স ম্যানেজার' ভূমিকায়।
মাদ্রিদে ম্যানেজারের ভূমিকা আক্ষরিক অর্থেই যেন ‘হটসিট’! এখানে বড় শিরোপা না জেতাকে বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়। তবে দলের গঠন এবং পরিকল্পনায় আলোনসো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন। গ্যালাকটিকো যুগের খেলোয়াড় হিসেবে নয়, তাকে এখন নতুন প্রকল্পের নেতা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ম্যানেজার হিসেবে জাবি আলোনসো এখনো তরুণ। নতুন মৌসুম শুরুর পর সব কিছু তার ইচ্ছে অনুযায়ী না হওয়ার ঝুঁকি রিয়াল মাদ্রিদে থেকেই যায়।
তথ্যসূত্র: মার্কা, গোল ডটকম, ফুটবল ৩৬৫, রিয়াল মাদ্রিদ ডটকম















