যুক্তরাষ্ট্রের ওরেগনে রোববার শেষ হওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সিডনি ম্যাকলাফলিন ৫০.৬৮ সেকেন্ডের রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ জিতে নিলে প্রশ্ন ওঠে, তিনি ফ্লাট ৪০০ মিটারে কী করতে পারেন? দুদিন পরই উত্তরটা দিলেন তিনি। রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর) মেয়েদের ৪০০ মিটার রিলেতে অ্যাংকর হিসেবে দুর্দান্ত পারফর্ম করে যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করেছেন ২২ বছর বয়সী এই অ্যাথলিট, গলায় তুলেছেন আরেকটি স্বর্ণপদক।

 

৩ মিনিট ১৭.৭৯ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। এই টাইমিং বিশ্বের অষ্টম দ্রুততম ও যুক্তরাষ্ট্রের মাটিতে দ্রুততম।


০.৭৩ সেকেন্ডের লিড থাকা অবস্থায় ব্যাটন হাতে নেন ম্যাকলাফলিন, শেষ পর্যন্ত তিনি এটিকে ২.৯৫ সেকেন্ড করে শেষ করেন। তার স্প্লিট এতই দ্রুতগতির ছিল ক্যামেরার ফ্রেমে তাকে ছাড়া দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২০১৫ সালে অ্যালিসন ফিলিক্সের (৪৭.৭২ সেকেন্ড) পর ম্যাকলাফলিনের স্প্লিটই সবচেয়ে দ্রুততম।

 

জ্যামাইকা ৩ মিনিট ২০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও গ্রেট ব্রিটেন ৩ মিনিট ২২.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

 

২২ বছর বয়সী ম্যাকলাফলিন যুক্তরাষ্ট্র টিমের অন্যতম কনিষ্ঠ সদস্য। যদিও তিনি রিলে দলের সবচেয়ে জ্যেষ্ঠ এবং ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপ ও টোকিও অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে স্বর্ণজয়ের অভিজ্ঞতাসম্পন্ন। এছাড়া টোকিওতে ৪০০ মিটার হার্ডলসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন এই লাস্যময়ী।

 

রোববার চ্যাম্পিয়নশিপের শেষ দিন ছেলেদের ৪০০ মিটার রিলের স্বর্ণও জয় করে যুক্তরাষ্ট্র। এই ইভেন্টেও যুক্তরাষ্ট্রের পেছনে থেকে রৌপ্য জুটেছে জ্যামাইকার। আর বেলজিয়াম পায় ব্রোঞ্জ। যুক্তরাষ্ট্র সময় নেয় ২ মিনিট ৫৬.১৭ সেকেন্ড।

 

এর মধ্য দিয়ে রিলেতে রেকর্ড আরো সংহত করল যুক্তরাষ্ট্র। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার রিলেতে সর্বশেষ নয় আসরের মধ্যে আটটিতেই স্বর্ণ জিতল তারা, আর ১৮টির মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১১টিতে।

 

এবারের আসরে ১৭৯টি দেশ থেকে ১ হাজার ৭০০ অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট তিনটি নতুন বিশ্বরেকর্ড হয়েছে ইউজেনিতে। ৪০০ মিটার হার্ডলসে ম্যাকলাফলিন ছাড়া ১০০ মিটার হার্ডলসে ১২.১২ সেকেন্ড সময় নিয়ে নাইজেরিয়ার টবি আমুসান ও পোলভল্টে ৬.২১ মিটার লাফিয়ে সুইডেনের মন্ডো ডুপলান্টিস স্বর্ণ জয় করেন।

 

এবার এক আসরে সর্বোচ্চ ২৯টি জাতি স্বর্ণ জিতেছে, যা ২০১৭ সালে ছিল ২৬টি। ওরেগনে সবচেয়ে বেশি দেশ থেকে অ্যাথলিটের ফাইনালে ওঠার রেকর্ড হয়েছে। এবার ৮১টি দেশ থেকে ফাইনাল খেলেছেন, যা ২০১৯ সালের দোহা চ্যাম্পিয়নশিপে ছিল ৭৬টি। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবার প্রথম ফাইনালে লড়েছে সামোয়া, লাইবেরিয়া, নাইজার, পাকিস্তান, ফিলিপাইন ও গুয়াতেমালার অ্যাথলিট।

 

১৩টি স্বর্ণসহ ৩৩টি পদক জিতে এবারের আসরের সেরা যুক্তরাষ্ট্র। ইথিওপিয়া ৪টি স্বর্ণসহ ১০টি পদক জিতে দুইয়ে ও জ্যামাইকা ২টি স্বর্ণসহ ১০টি পদক নিয়ে তৃতীয় হয়েছে।