বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগও প্রায় শেষ দিকে। আজ চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে টস জিতে বোলিং নেয় রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। এ ম্যাচে তাদের ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে সিক্সার্স।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট শিকার করেন রিশাদ। দুর্দান্ত ব্যাট করতে থাকা সিডনির স্মিথকে বোল্ড করে রানের চাকা থামিয়েছেন তিনি। স্মিথ ৪৩ বলে ৬৫ রান করেন। একই ওভারে সিডনির অধিনায়ক ময়েজেস হেনরিকও (৮ বলে ১৯) তার শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর জোয়েল ডেভিস (২৭), লাচলান শাহ (২১) ও জ্যাক এডওয়ার্ডসের ৯১৫) ব্যাটে ৮ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ গড়ে সিডনি সিক্সার্স।

এই রান তাড়া করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন হোবার্ট। বেন ম্যাকডারমট সর্বোচ্চ ৪০ রান করেন। রিশাদ ৮ বলে ১১ রান করেন। বল হাতে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে তিনি নিজের প্রথম আসর শেষ করেলন।

রোববার ফাইনালে পার্থ স্কোরচার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স।