চীনের সঙ্গে দুর্দান্ত খেলে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। পিটার বাটলারের দল পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে। আজ তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজরা। যদি পার্থে আজ ১০ মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ এবং ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যান ঋতুপর্ণা, মনিকারা।

দীর্ঘদেহী উজবেক নারীরা ১০ মিনিটের মাথায় লিড নেয়। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

গোল খেয়ে মুষড়ে পরেনি বাংলাদেশের মেয়েরা। বরং তাদের বেশ উদ্দীপ্ত দেখা যায়। বেশ কয়েকটি গোলের সুযোগও এসেছে তাদের সামনে। ৩১ মিনিটে ঋতুপর্ণা চাকমার বাম পায়ের সেই জাদুকরি শট। চীনের বিপক্ষে এমন ট্রেডমার্ক শটে গোল পাননি, আজও পাননি। উজবেকিস্তানের গোলকিপার মাফতুনা জনিমকুলোভা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ঋতুপর্ণার শট।

তহুরা খাতুন বক্সের মধ্যে সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যদিও তা থেকে গোল করতে পারেননি কোহাতি কিসকু। মারিয়া মান্দা গোল বাঁচিয়েছেন একবার।

বাংলাদেশ কোচ আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। ৪ ডিফেন্ডার ও ৫ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছেন তিনি।

সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী আছেন শুরুর একাদশে। দলের রক্ষণভাগ ও মাঝমাঠকে সুসংগঠিত করতে প্রথম ম্যাচে খেলা দুজনকে আজ ফেরানো হয়েছে একাদশে। রক্ষণভাগে অভিজ্ঞ শিউলি আজিমকে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে মাঝমাঠে ফিরছেন উমেলাহ মারমা।