জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। এর আগে সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলংকা।
শুক্রবার নিশিনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারায় ভারত। এর মধ্য দিয়ে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে যায়। আজ দুটি সেমিফাইনালে লড়বে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। বিজয়ী দুই দলের ন্যূনতম রৌপ্যপদকও নিশ্চিত হবে। পরাজিত দুটি দল মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচে মুখোমুখি হবে। একই দিন ফাইনালে বিজয়ী দল পাবে স্বর্ণপদক, আর পরাজিত দল পাবে রৌপ্যপদক।
বৃহস্পতিবার বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। চীনের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। ওইদিন থাইল্যান্ডকে ৩ উইকেটে হারায় পাকিস্তানের মেয়েরা। শুক্রবার ভারতের জয়ের আগে মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে শ্রীলংকার মেয়েরা।
সম্প্রতি দুবাইয়ে এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এবার এশিয়ান গেমস ক্রিকেটে কি সেই হারের প্রতিশোধ নিতে পারবেন নিগার সুলতানারা?
এশিয়ান গেমস ক্রিকেটে এখনো স্বর্ণপদক জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন দুটি রৌপ্য আর একটি ব্রোঞ্জ পদক। ২০১০ সালের গুয়াংঝু এশিয়ান গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত করা হয় ক্রিকেট ইভেন্ট। সেবার নারী ক্রিকেটের ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় পাকিস্তান। জাপান পায় ব্রোঞ্জ পদক। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে পরের আসরের ফাইনালেও পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। সেবারের হারটি ছিল মাত্র ৪ রানের ব্যবধানে!
২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ক্রিকেট বাদ পড়ে যায়। ২০২২ সালের হাংঝু এশিয়াডে ক্রিকেট ফেরানো হয়। ওই আসরের ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় ভারত, আর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পায় ব্রোঞ্জ পদক। ২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সেমিফাইনালেই সামনে পড়েছে ভারতের মতো শক্তিশালী দল। কাজেই স্বর্ণপদক জয়ের সম্ভাবনা এখন হুমকির মুখে। যদি আজ ভারতের শক্ত দেয়াল পেরোতে পারেন নিগার সুলতানারা, তবে স্বর্ণের আশা করাই যায়।
মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জিততে না পারলেও ছেলেদের ক্রিকেটে একটি স্বর্ণ পেয়েছে বাংলাদেশ। ২০১০ সালের গুয়াংঝু আসরে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ছেলেরা। এরপর ২০১৪ ও ২০২২ সালের আসরে টানা দুবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এবার লিটন কুমার দাসের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে জাপান মিশনে নামছে বাংলাদেশ দল।
ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। জাপান, আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া, ওমান ও নেপালের গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, যেখানে সরাসরি খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ।
২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ কার বিপক্ষে খেলবে, সেটি এখনো নির্ধারণ হয়নি। ছেলেদের ক্রিকেটে আগামী ১ অক্টোবর সেমিফাইনাল ও ৩ অক্টোবর ফাইনাল।










