আইসিসি তাদের নতুন তিন সহযোগী দেশকে সদস্যপদের অনুমোদন দিয়েছে। অনুমোদনপ্রাপ্ত দেশগুলো হলো-এশিয়ার দুই দেশ কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকার দেশ আইভরি কোস্ট। তবে নীতিমালা লঙ্ঘনের কারণে বাতিল করা হয়েছে রাশিয়ার সহযোগী সদস্যপদ। এ নিয়ে আইসিসির সদস্য হলো ১০৮ দেশ। তার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য এবং ১২টি দেশ পূর্ণ সদস্য।

এদিকে আইসিসি ঠিক করেছে, ২০২৩ ও ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজন করার। গতকাল মঙ্গলবার বার্মিংহামে বার্ষিক সভার শেষ দিনে এসব সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সভায় পুরুষ ও নারী ক্রিকেটের ২০২৩-২৭ এফটিপিও অনুমোদন দেয় আইসিসি। 

আইসিসি জানায়, ২০১৯ সালে আইসিসির নীতিমালা লঙ্ঘন করায় তখনকার এজিএমে দেশটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এবারের এজিএমে রাশিয়ার স্থগিতাদেশ সমাপ্তিতে পরিণত হয়েছে। কারণ দেশটির ক্রিকেট বোর্ডেকে কিছু সমস্যা সমাধান করতে বলা হয়েছিল; কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। স্থগিতাদেশের পরে তারা এ নিয়ে কোনো সম্মতিও করেনি।

অন্যদিকে আইসিসি সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন স্থগিত করা হয়েছে। যতক্ষণ না দেশের মধ্যে ক্রিকেট কার্যক্রম নিরাপদে পুনরায় শুরু করতে সক্ষম হয়। তবে আইসিসি এ প্রক্রিয়ায় ইউক্রেন ক্রিকেট ফেডারেশনকে সমর্থন দেবে।