টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান। তবে জয়টা সহজে আসেনি তাদের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ শনিবার উদ্বোধনী ম্যাচে ডাচদের বিপক্ষে হারতে বসেছিল পাকিস্তান। শেষ ১২ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রানের। এ সময় ফাহিম আশরাফের বীরত্বে জয় তুলে নিতে সমর্থ হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শুভসূচনা পেয়েছে সালমান আগার দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ডাচরা দেড়শ রানের সম্ভাবনা জাগালেও শেষ দুই বলে টানা উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায়। স্কট এডওয়ার্ডস ৩৭, বাস ডি লিডি ৩০, মাইকেল লেভিট ২৪ ও কলিন অ্যাকারম্যান ২০ রান করেন। পাকিস্তানের সালমান মির্জা ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও আবরার আহমেদ প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

এরপর রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৯৮ রান তুলে ফেললেও একটি পর্যায়ে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পল ফন মিকিরেন এক ওভারে নেন ২ উইকেট। দলীয় ১১৪ রানে আবারও পরপর দুই বলে ২ উইকেট হারায় পাকিস্তান। ১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ নওয়াজকে ফেরান কাইল ক্লেইন, ১৭তম ওভারের প্রথম বলে শাদাব খান শিকার হন লোগান ফক বিকের।

শেষ ১৮ বলে ৩৩ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের, হাতে ৩ উইকেট। ১৮তম ওভারে মাত্র ৪ রান যোগ হলে সমীকরণ নেমে আসে ১২ বলে ২৯। ফন বিকের করা ১৯তম ওভারে তিন ছক্কা ও এক বাউন্ডারিতে ২৪ রান তুলে নিয়ে ফাহিম আশরাফই স্বস্তি আনেন পাকিস্তানের ড্রেসিংরুমে। এরপর শেষ ওভারে তিন বলেই আসে প্রয়োজনীয় ৫ রান। ৩ বল হাতে রেখে ৩ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় পায় পাকিস্তান।

সাহিবজাদা ফারহান ৩১ বলে ৪৭, সাইম আইয়ুব ১৩ বলে ২৪, ফাহিম ১১ বলে ২৯ রান করেন। মিকিরেন ও আরিয়ান দত্ত উভয়ই নেন দুটি করে উইকেট।

২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

আজ কলকাতায় বিকাল সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায় আরেক ভেন্যু মুম্বাইতে, যেখানে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আরব সাগরের তীরবর্তী ঐতিহ্যবহুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, যার মূল আকর্ষণ খ্যাতিমান ড্যান্সার নোরাহ ফাতেহি।