উৎকন্ঠা, অবিস্মরণীয় কিছু
গোল, রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে জয়—এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে নবম নারী ফুটবল বিশ্বকাপের
শেষ ষোলো রাউন্ড। এবার নকআউটের আরেক ধাপ কোয়ার্টার ফাইনালের উত্তাপ। হয়তো আরো অনেক
নাটকীয়তা অপেক্ষা করছে নকআউটের এই রাউন্ডের জন্য।
কোয়ার্টার ফাইনালের আট
দলের মধ্যে বিশ্বকাপ জয়ের গৌরব আছে শুধু জাপানের। এছাড়া সুইডেন, স্পেন, নেদারল্যান্ডস,
ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে
খেলছে।
শেষ আটে শুক্রবার প্রথমদিন
দুটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে ইউরোপের
দুই শক্তিশালী দল স্পেন ও নেদারল্যান্ডস। বেলা ১টা ৩০ মিনিটে ২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন
জাপানের মুখোমুখি হবে র্যাংকিংয়ে তিন নম্বর দল সুইডেন, যারা বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে
শেষ ষোলোয় হারিয়েছে।
বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন
ইংল্যান্ড শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হারায় নাইজেরিয়াকে। শনিবার কোয়ার্টার ফাইনালে
তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যারা প্রথমবার বিশ্বকাপে শেষ আটে উঠেছে। ম্যাচটি শুরু
হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে। ওইদিন স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ফ্রান্সের
বিপক্ষে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়।
২০১১ সালে প্রথমবারের
মতো বিশ্বকাপ জয় করা জাপান পরের আসরেও ফাইনাল খেলেছিল। যদিও সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট
থাকতে হয় তাদের। গতবার শেষ ষোলো থেকে বিদায় নিলেও চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে
জাপানিরা। এখন পর্যন্ত শতভাগ রেকর্ড তাদের। গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে চার ম্যাচে
করেছে ১৪ গোল, বিপরীতে তাদের জালে বল প্রবেশ করে মাত্র একবার। হিনাতা মিয়াজাওয়া পাঁচ
গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতার রেসে এগিয়ে রয়েছেন।
জাপানকে নিয়ে সাবেক ইংলিশ
ফরওয়ার্ড এনিওলা আলুকো বলেন, ‘এই জাপানি খেলোয়াড়রা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। তাদের
রসায়ন, বোঝাপড়া, টাইমিং দুর্দান্ত। তারা এ মুহূর্তে অপ্রতিরোধ্য। তাদের কীভাবে থামাবেন?’
অবশ্য এবার তাদের সামনে
অগ্নিপরীক্ষা। সুইডিশ নারীরা রেকর্ড চারবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারানোর
কৃতিত্ব দেখায়। এই এই জয়ের পেছনে গোলকিপার জেকিরা মুসোভিচের বড় অবদান। শুক্রবার শেষ
আটে তারা জাপানকে হারাতে পারবে কিনা, সেটি অনেকটাই নির্ভর করবে এই গোলকিপারের ওপর।
গতবার ফাইনালে যুক্তরাষ্ট্রের
কাছে পরাজিত নেদারল্যান্ডস এবারো দুর্দান্ত গতিতে ছুটছে। পাঁচ ম্যাচে অপরাজিত তারা।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করা ছাড়া বাকি সব ম্যাচই ডাচরা জিতেছে।
শেষ ষোলোয় তারা ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারায়। ডাচরা এখন পর্যন্ত মাত্র এক গোল হজম
করেছে। তাদের রক্ষণভাগ স্পেনকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে সমর্থ।
স্পেন ৫-১ গোলে সুইজারল্যান্ডকে
গুঁড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট পায়। ডাচ ফরওয়ার্ড জিল রুর্ড চার গোল করে দলটিকে স্বপ্ন
দেখাচ্ছেন। আর স্পেন দলগত নৈপুন্যে এগিয়ে চলেছে। তাদের আইতানা বোনমাতি, জেনিফার হারমোসো
ও আলবা রেডন্ডো প্রত্যেকেই তিন গোল করেন।










