অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নবম ফিফা নারী বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়ে মরক্কো। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই শেষ ষোলোয় উঠে যায় পশ্চিম আফ্রিকার দেশটি। কিন্তু মরক্কোর এই রূপকথার মতো ছুটে চলার সমাপ্তি ঘটল। আজ মঙ্গলবার তাদের ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।

 

প্রথমার্ধের ২৩ মিনিটের মধ্যেই তিন তিনটি গোল করে মরক্কোকে বিধ্বস্ত করে ফ্রান্স। কাদিদিয়াতু দিয়ানি ১৫ মিনিটে, কেনজা দালি ২০ মিনিটে ও ইউজেনি লে সমার ২৩ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে মরক্কো উন্নতি করলেও আরেক গোল হজম করে।৭০ মিনিটে অভিজ্ঞ সমার নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন (৪-০)।    

 


গত বছর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে মরক্কো। তবে আশরাফ হাকিমি, হাকিম জিয়েশদের দেশের নারীরা থামল শেষ ষোলোয়।

 

তবু গৌরব নিয়ে, মাথা উঁচু করে দেশে ফিরবেন মরক্কান নারীরা। কেননা প্রথমবার অংশ নিয়েই শেষ ষোলোয় ওঠা কম কৃতিত্বের নয়। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলে হেরে যাওয়া দলটি পরের দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়াকে হারিয়ে নকআউটে ওঠে। আজ সেই তেজ্যোদ্দীপ্ত মরক্কানদের খুঁজে পাওয়া গেল না। তাদের স্বপ্ন ছিল প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের নকআউটে কোনো ম্যাচ জয় করা। কিন্তু পারল না আরব দেশটি।

 

শনিবার ব্রিসবেনে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে হার্ভে রেনোর ফ্রান্স।