অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নারী ফুটবল বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে স্পেন। অকল্যান্ডের এডেন পার্কে আজ শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-১ গোলে হারায় সুইজারল্যান্ডকে। এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশ নারীরা। আজ ওয়েলিংটনে শেষ ষোলোর আরেক ম্যাচে নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় জাপানি মেয়েরা।

 

পাঁচদিন আগেই জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত স্পেন দারুণভাবে ঘুরে দাঁড়াল। রেকর্ড ৪৩ হাজার দর্শকের সামনে এই ম্যাচে স্পেন কর্তৃত্ব করে জিতেছে। আইতানা বোনমাতি দুটি এবং আলবা রেডন্ডো, লাইয়া কডিনা ও জেনিফার হারমোসো এক করে গোল করেন। সুইজারল্যান্ড যে গোলটি করেছে তা উপহার হিসেবে দিয়েছেন স্পেনের কডিনা।

রোববার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে  শেষ আটের ম্যাচ খেলবে স্পেন।

 

এদিকে, দ্বিতীয় বিশ্বকাপ মুকুটের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে জাপান। ২০১১ সালের শিরোপাজয়ী দলটি গ্রুপ পর্বে স্পেনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে বিশেষ বার্তা দিয়ে রাখে। আজ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে তারা শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল।

 

১৫ মিনিটে আত্মঘাতী গোল করে জাপানকে এগিয়ে দেন নরওয়ের ইনগ্রিদ ইনজেন। ২০ মিনিটে গুরো রেইতেন সমতা আনলেও পরে রিসা শিমিজু ও হিনাতা মিয়াজাওয়া গোল করে জাপানের জয় নিশ্চিত করেন।

 

চলতি বিশ্বকাপে জাপানি মেয়েরা মোট ১৪ গোল করলেও তাদের গোলকিপার হজম করে মাত্র একটি!


 

অবশ্য শেষ আটে কঠিন পরীক্ষার মুখে পড়বে জাপান। তাদের খেলতে হবে যুক্তরাষ্ট্র কিংবা সুইডেনের বিপক্ষে। দুটি দল নারী ফুটবলের পরাশক্তি। রোববার শেষ আটে লড়বে টানা দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও সুইডেন।