এবারের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে এল নটিংহ্যাম ফরেস্ট। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটির আর্থিক মূল্য অন্তত ১৭ কোটি পাউন্ড। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেললে টেলিভিশন সম্প্রচার ও অন্যান্য খাত থেকে এই পরিমাণ অর্থ আয় করবে ফরেস্ট।

গত সপ্তাহে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে ৪৩ মিনিটে জেমস গার্নারের ক্রসের বলটি ভুল করে নিজেদেরই জালে পাঠিয়ে দেন লেভি কলউইল। এরপর ওয়েম্বলিতে আর কোনো গোল না হলে ১-০তে জয়লাভ করে প্রিমিয়ার লিগের টিকিট পেয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট।

ইংল্যান্ডের শীর্ষ লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন নটিংহ্যাম ফরেস্টের। মৌসুমটি শুরু হয়েছিল তাদের সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে! মানে, প্রথম সাত ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পায় দুইবারের সাবেক ইউরোপিয়ান কাপজয়ী দলটি। যা ছিল ১০৮ বছরের ইতিহাসে ক্লাবটির সবচেয়ে বাজে সূচনা। এরপর রূপকথা লিখল স্টিভ কুপারের দল। ৪৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ হয়ে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে। চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে প্রথম লেগে ২-১ গোলে হারালেও দ্বিতীয় লেগে একই ব্যবধানে হেরে যায় নটিংহ্যাম। ৩-৩ গোলের সমতা তৈরি হলে টাইব্রেকারে জয়লাভ করে দলটি। এরপর ফাইনালে তারা টপকাল হাডার্সফিল্ড বাধা।

এবার এফএ কাপেও ভালো খেলেছে নটিংহ্যাম। তারা আর্সেনাল ও স্থানীয় প্রতিদ্বন্দ্বী লেস্টার সিটিকে হারায় এবং কোয়ার্টার ফাইনালে এবারের চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে দুর্দান্ত লড়াইয়ের পর হেরে যায়।

চ্যাম্পিয়নশিপ থেকে এবার যথাক্রমে এক ও দুই নম্বর দল হিসেবে প্রিমিয়ার লিগের টিকিট পায় ফুলহাম ও বোর্নমাউথ। এরপর তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করল নটিংহ্যাম ফরেস্ট। তারা জায়গা নেবে বার্নলে, ওয়াটফোর্ড ও নরউইচের, যারা এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে।

১৮৬৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতেছে ১৯৭৭-৭৮ মৌসুমে (তখন নাম ছিল ফার্স্ট ডিভিশন)। এছাড়া রানার্সআপ হয়েছে দুবার। ১৯৭৮-৭৯ এবং ১৯৭৯-৮০ মৌসুমে টানা দুবার ইউরোপিয়ান কাপ জয় করার কীর্তি রয়েছে ক্লাবটির। ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে তারা একবার, রানার্সআপ হয়েছে একবার। এছাড়া নটিংহ্যাম ফরেস্ট চারবার ইংলিশ লিগ কাপ ও দুবার এফএ কাপ শিরোপা জিতেছে। বিবিসি