মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪৩ রানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতল রংপুর শিশু নিকেতন হাই স্কুল।

নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আজ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর শিশু নিকেতন ৩৭.১ ওভারে ১০২ রান করে অলআউট হয়। আহমেদ তেজান কাব্বা বিশেষ সর্বোচ্চ ২৮ রান করেন। মেহেরপুরের আরাফাত আমান রাইয়ান ৯ রানে ৪ উইকেট নেন। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০.২ ওভারে ৪৩ রানে অলআউট মেহেরপুরের দলটি। রংপুরের লেগ স্পিনার সাইখ ইমতিয়াজ শিহাব ৫ ওভারে ১৪ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।

 ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রংপুর অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব। ৩৩ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা বোলারও তিনি। সঙ্গে ছিল দেড় শতাধিক রান। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। বাড্ডা আলাতুন নেসা স্কুলের মাফরাফ মাহিন রুদ্র ৩৮৩ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক।

 নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন।