গতকাল হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছিল বাংলাদেশ। এরপর মেহেদী ও রিশাদ অনবদ্য বোলিংয়ে স্বাগতিক দলকে ১৫২ রানে অলআউট করে দেন।
এ জয়ে জিম্বাবুয়ে থেকে অন্তত একটি সিরিজ জিতে দেশে ফেরার আশা বেঁচে থাকল বাংলাদেশ দলের। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ১-২-এ হার মানে সফরকারীরা। এবার টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতা নিয়ে শেষ ম্যাচ খেলবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। আগামীকাল একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।
সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ১২০ রানের জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন। তানজিদ ৪৪ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৮ এবং সাইফ ৪৫ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৫ রান করেন। এছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন ১০ বলে চার ছক্কায় ৩১ ও ইয়াসির আলী ১২ বলে ২২ রান করেন। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন।
বড় টার্গেট তাড়া করতে নেমে মেহেদী (৩/২৪) ও রিশাদের (৪/২৬) ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সিকান্দার রাজার দল। এ দুজন মিলে ৭ উইকেট শিকার করেন।









