এএফসি এশিয়া কাপ বাছাইপর্বে আজ মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

ইতিহাসে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যদিও লাল-সবুজদের সেই স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। বাছাইপর্বে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় বাংলাদেশের; এছাড়া দুই হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫ নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের তিনে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর আগেই উঠে গেছে মূল পর্বে। বিদায় নিয়েছে হংকং, বাংলাদেশ ও ভারত। সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচটা তাই এক অর্থে নিয়মরক্ষার। তারপরও বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি কম গুরুত্বপূর্ণ নয়।

সোমবার সিঙ্গাপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি। তবে যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্টই পেয়েছি। সিঙ্গাপুর ম্যাচটা অন্তত ভালোভাবে শেষ করতে চাই। যাতে আরও তিন পয়েন্ট পেতে পারি।’

658521437_1995301211099095_2695978940810438960_n

গত বছর জুনে ঢাকায় প্রথম লেগে সিঙ্গাপুরের সঙ্গে দারুণ খেলে ১-২ গোলে হেরে যায় বাংলাদেশ। এবার ৩ পয়েন্ট চান কাবরেরা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ ছিল। এবার তেমন কিছু দেখতে চাই না।’

২৬ মার্চ ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। তাতে র‍্যাংকিং পয়েন্টও হারিয়েছে কাবরেরার দল। সিঙ্গাপুরের বিপক্ষে তাই জিততে মরিয়া হামজা চৌধুরী, জামালরা।