রিয়াল বেতিসকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। অন্যদিকে, করিম বেনজেমার হ্যাটট্রিকে ভর করে আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়ে বার্সার পেছনে ছুটছে রিয়াল মাদ্রিদ।

 

লা লিগায় শনিবার ঘটনাবহুল এই রাতে আলো কাড়ল ১৫ বছরের কিশোর লামিন ইয়ামাল। ৮৩ মিনিটে গাভির জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়ে ছেলেটি। বার্সার ইতিহাসে ইয়ামালই এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বার্সার বড় হয়ে তার অভিষেকটা মধুরই হলো।

 

মরক্কান বাবা ও ইকুয়াটোরিয়াল গিনির মায়ের ঔরসে জন্মগ্রহণ করা ইয়ামালের বয়স আগামী জুলাই মাসে ১৬ পূর্ণ হবে। বর্তমান বয়স ১৫ বছর ২৯১ দিন। এই বয়সেই বার্সার মতো বিখ্যাত ক্লাবের জার্সিতে অভিষিক্ত হলো। বার্সার একাডেমিতেই তার বেড়ে ওঠা। এখন ওই ক্লাবটির সিনিয়র দলে খেলার সুযোগ পেয়ে গেল সে। সে এখন লা লিগার ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম খেলোয়াড়। ২০২০ সালে ১৫ বছর ২১৯ দিন বয়সে মায়োর্কার হয়ে অভিষেক ঘটা লুকা রোমেরো লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

 

বার্সার কোচ জার্ভির চোখে ইয়ামাল ‘‌নির্ভীক’। গত রোববার অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচেই তাকে স্কোয়াডে রাখেন জাভি। এবার অভিষেকও হয়ে গেল।

 

বার্সার বিপক্ষে এদিন খেলেছেন বেতিস উইঙ্গার ৪১ বছর বয়সী জোয়াকিন। মজার ব্যাপার হলো, যখন ইয়ামালের জন্ম হয় তখন জোয়াকিন লা লিগায় ২১৫ ম্যাচ খেলে ফেলেছেন!

 

বার্সেলোনা জিতেছে আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডভস্কি, রাফিনহা ও গুইদো রদ্রিগেজের গোলে।

 

এদিন হ্যাটট্রিকের মধ্য দিয়ে উগো সানচেজকে টপকে লা লিগার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হন বেনজেমা। তার গোলসংখ্যা এখন ২৩৬। বেনজেমার সামনে কেবল লিওনেল মেসি (৪৭৪), ক্রিস্টিয়ানো রোনালদো (৩১১) ও জারা (২৫২)।

 

ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর কাটব্যাটে অত্যন্ত কাছ থেকে দুটি গোল করেন বেনজেমা। এরপর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই শতাব্দীতে লা লিগার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মাসে সব ধরণের প্রতিযোগিতা মিলে তিনটি হ্যাট্রিটক করলেন তিনি। আগে করেন রোনালদো।

 

আলমেরিয়াকে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট কমিয়ে আট করেছিল রিয়াল। যদিও পরে বেতিসকে হারিয়ে ব্যবধান ১১ করে কাতালানরা। ৩২ রাউন্ড শেষে বার্সার ঝুলিতে ৭৯ পয়েন্ট, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৮।