ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে আর্থিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঐতিহাসিক ক্লাবটির কিছু শেয়ার বিক্রি করতে চায় গ্লেজার পরিবার। এ খবরে ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ব্রিটেনের শীর্ষ ধনী জিম র‍্যাটক্লিফ।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবসংশ্লিষ্ট এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শেয়ার বিক্রি করে নতুন বিনিয়োগকারী ক্লাবের বোর্ডে নিয়ে আসার পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে। আমেরিকান গ্লেজার পরিবার অবশ্য এখনই ম্যানইউর কর্তৃত্ব হাতছাড়া করতে নারাজ। ক্লাবটির আনুমানিক বাজারমূল্য এ মুহূর্তে ৫০০ কোটি পাউন্ড।

ম্যানইউ বিশ্বের অন্যতম খ্যাতিমান আর সফল ফুটবল ক্লাব। রেড ডেভিলরা রেকর্ড ১৩ বার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। ক্লাবটি সবসময়ই বিশ্বের বড় বড় তারকাকে আকৃষ্ট করে থাকে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো এ নিয়ে দ্বিতীয় দফায় খেলছেন ম্যানইউতে। যদিও তিনি চলতি গ্রীষ্মেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া আরো বহু শীর্ষ তারকা ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছেন।

যুগে যুগে বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করেছে ম্যানইউ। মাঝে ম্যানইউ কেনার আগ্রহ প্রকাশ করেন সৌদি যুবরাজ শেখ সালমান। সেই খবরটি বেশ সাড়া জাগায়। এবার শোনা যাচ্ছে জিম র‍্যাটক্লিফের নাম। তিনি সম্প্রতি ৪২৫ কোটি পাউন্ডে বিক্রি হয়ে যাওয়া চেলসি এফসি কেনার দৌড়েও ছিলেন। যদিও শেষ পর্যন্ত ক্লাবটি কিনে নেন আমেরিকান ধনকুবের টড বোহলি ও প্রাইভেট ইকুইটি ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটাল।

চেলসি কিনতে না পেরে র‍্যাটক্লিফ এবার হাত বাড়াতে চান ম্যানইউর দিকে। ব্রিটিশ বিলিয়নেয়ারের মুখপাত্র দ্য টাইমসকে বলেছেন, ক্লাবটি যদি বিক্রি হয়, তবে র‍্যাটক্লিফ নিশ্চিতভাবেই একজন সম্ভাব্য ক্রেতা। যদি এমনটি ঘটে তবে আমরা আলোচনা করব যাতে তিনি এখানে দীর্ঘমেয়াদে মালিকানা পেতে পারেন।

ম্যানইউ এমনই এক বড় ক্লাব এবং খবরটি এতটাই আলোড়ন ফেলেছে যে টেসলা ইনকরপোরেটেডের সিইও ইলোন মাস্ক বুধবার টুইট করেছেন, তিনি ক্লাবটি কিনতে যাচ্ছেন। যদিও পরে পরিষ্কার করেছেন যে এটি স্রেফ মজার ছলে বলেছেন তিনি।

ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণকারী র‍্যাটক্লিফ কেমিক্যাল গ্রুপ ইনেওসের বৃহদংশ শেয়ারের মালিক। তিনি শৈশব থেকেই ম্যানইউর সমর্থক। র‍্যাটক্লিফ খেলার সঙ্গে অবশ্য নতুন নয়। এরই মধ্যে ফরাসি প্রিমিয়ার লিগের ক্লাব নিস কিনে নিয়েছেন, যুক্ত রয়েছেন সুইস ক্লাব লুসান-স্পোর্ট ও ইনেওস গ্রেনাডায়ার্স সাইক্লিং টিমের সঙ্গে। এছাড়া মার্সিডিজ ফর্মুলা ওয়ান দলেও শেয়ার রয়েছে ইনেওসের।

খারাপ সময় পার করছে ম্যানইউ। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে নতুন মৌসুমে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ক্লাবটি, তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। রেড ডেভিলরা ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে ও ব্রাইটনের কাছে ১-২ গোলে হেরেছে। এমন বাজে সূচনার পর চটেছেন সমর্থকরা। তাদের অভিযোগ, ক্লাবে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় ক্লাবের কিছু শেয়ার বিক্রির খবর উঠে এল।

এ গ্রীষ্মের দলবদলে কাউকেই কিনতে পারেনি ম্যানইউ। বার্সেলোনা থেকে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে কিনতে চেয়েও পারেনি রেড ডেভিলরা। আর পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানইউ ছাড়তে মরিয়া। ১ সেপ্টেম্বরের আগেই তিনি বিদায় নেবেন কিংবা তাকে বিদায় দিতে পারে ইংলিশ জায়ান্টরা।

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর ক্লাবটি ধুঁকছে, ২০১৭ সালের পর তারা কোনো শিরোপাও জিততে পারেনি। ব্যর্থতার কারণে গ্লেজার পরিবারের বিরুদ্ধে ম্যানইউ সমর্থকরা অতীতে একাধিকবার বিক্ষোভ করেছে। ২০২১ সালের মে মাসে তাদের বিক্ষোভের কারণে লিভারপুলের বিপক্ষে হোম ম্যাচ স্থগিত করা হয়। আগামীকাল ওল্ড ট্র্যাফোর্ডে সেই লিভারপুলের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে রেড ডেভিলরা। এ ম্যাচ সামনে রেখে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ম্যানইউ সমর্থকরা।

ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটন ও ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের সংস্কারসহ অবকাঠামোতে উল্লেখযোগ্য বিনিয়োগ না হওয়া আর খেলোয়াড় কেনায় দুর্বল স্ট্র্যাটেজির কারণে সমর্থকরা হতাশা প্রকাশ করে এসেছে।

ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ এক্সটিবির প্রধান বাজার বিশ্লেষক ওয়ালিদ কুদমানি মনে করেন, ম্যানইউ সমর্থকদের আশাবাদী হয়ে ওঠার কারণ রয়েছে। তার কথায়, ম্যানইউ সমর্থকরা আনন্দিত হবে এ কারণে যে ক্লাবের কিছু শেয়ার কিনতে আগ্রহী ব্যক্তিটি পরবর্তী সময়ে বৃহৎ শেয়ার কিনতে চান। শেয়ারের ক্ষুদ্রাংশ বিক্রি করা মানে এর মধ্য দিয়ে দ্বার উন্মুক্ত হওয়া, যে দ্বার অতীতে বন্ধ ছিল।

প্রয়াত ম্যালকম গ্লেজার ২০০৫ সালে লেভারেজড বাইআউটে (যখন কোনো ক্রেতা ক্রয়ের অংশ হিসেবে ঋণের উল্লেখযোগ্য অংশ নিজেদের কাঁধে নেয়) ম্যানইউ কিনে নেন। যদিও শুরু থেকেই ম্যানইউর সমর্থকরা গ্লেজার পরিবারের ওপর আস্থা রাখতে পারছিল না। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে ক্লাবটি প্রচুরসংখ্যক শিরোপা জিতে নেয়ায় ওই সময় ক্লাবের অনেক দেনা পরিশোধ করা সম্ভব হয়। এরপর ফার্গুসন অবসরে গেলে ক্লাবের প্রতি আবার সমর্থকদের বিরক্তি বাড়তে থাকে, আর ক্লাবের পারফরম্যান্সও হয়ে পড়ে শ্রীহীন। এরপর ক্লাবে একের পর এক কোচ ও খেলোয়াড় আসা-যাওয়াই শুধু করেছেন, কোনো সাফল্য আসেনি। ম্যানইউর দুঃসময়ে শিরোপার হাসি হেসেছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি, যারা ২০০৮ সালে আমিরাতি মালিকানায় যাওয়ার পর লিগের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে।

ক্লাবের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আভরাম ও জোয়েল গ্লেজার হলেন ম্যানইউর এক্সকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং বোর্ড সদস্য হিসেবে রয়েছেন কেভিন গ্লেজার, ব্রায়ান গ্লেজার, ডার্সি গ্লেজার ক্যাসেভিটজ ও এডওয়ার্ড গ্লেজার। ক্লাবে গ্লেজার পরিবারের ভোটাধিকারের ক্ষমতা ৯৭ শতাংশ।

ব্লুমবার্গ ও বিবিসি।