আর্সেনালকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের এ জয় বড় ‘উপকার’ করেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির। আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান এখন ৪। অথচ আর্সেনাল জিতলে ব্যবধান হয়ে যেত ৭। এতে আশা বেঁচে থাকল পেপ গার্দিওলার দলের। আবার এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশা জেগেছে ম্যানইউর।

২৩ রাউন্ড শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, সিটি ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। রোববার নিউক্যাসলকে তাদেরই ২-০ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৪৬ পয়েন্ট নিয়ে তিনে, আর ম্যানইউ ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চেলসিকে পাঁচে নামিয়ে দিয়ে। এদিন চেলসি ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।

লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে ২৯ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানইউ। সমতা আনতে খুব বেশি সময় লাগেনি। ৩৭ মিনিটে গোল পরিশোধ করেন ব্রায়ান এমবেউমো। মার্টিন জুবিমেন্দির ভুলে গোলটি করেন তিনি। ৫০ মিনিটে প্যাট্রিক দরগু বুলেট গতির শটে গোল করলে লিড নেয় ম্যানইউ।

শেষ দিকে জমে ওঠে লড়াই। ৮৪ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা আনে আর্সেনাল। এর ৩ মিনিট পর আবারও ম্যানইউকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। এই গোল রেড ডেভিলদের ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়।