ঘটনাবহুল চলতি নারী বিশ্বকাপে ঘটেছে অনেক অঘটন। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিসহ বিশ্বের শীর্ষ ১০ দলের তিনটি। একই পরিণতি হয়েছে লাতিন দেশ ব্রাজিলেরও। বৃহস্পতিবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নেয় জার্মানি। তাদের পেছনে ফেলে গ্রুপ থেকে নকআউটে উঠেছে কলম্বিয়া ও নবাগত মরক্কো। জার্মানিকে এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে দেখা যাবে না।
১৯৯৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে দেখা যাবে না ব্রাজিলকে। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হলেও জ্যামাইকার বিপক্ষে মূল একাদশে ডাক পড়ে ব্রাজিল গ্রেট মার্তার। যদিও তিনি নিশানা ভেদ করতে পারেননি। ফলে জেতাও হয়নি সেলেসাও নারীদের।
পুরুষ ও নারী বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ১৭ গোলের মালিক মার্তাকে এবার নকআউটে দেখা যাবে না। যুগ্মভাবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলা এ তারকার শেষ আসর শেষ হলো গ্রুপ পর্বের তিনটি ম্যাচ দিয়ে।
প্রথম ম্যাচে নবাগত পানামাকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছে ১-২ গোলে, আর তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখেও জ্যামাইকাকে হারাতে পারেনি।
ব্রাজিল মাত্র একবারই ফাইনাল খেলেছে। ২০০৭ সালের ফাইনালে তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে। এছাড়া ১৯৯৯ সালে তৃতীয় হয়েছিল। ৯ আসরে কখনই শিরোপা জিততে পারেনি ব্রাজিলের নারীরা।
ক্যরিবিয়ান দ্বীপ দেশ জ্যামাইকা এবার চমক দেখাল। ২০১৯ সালের আসরে তিন ম্যাচে ১২ গোল হজম করা দলটি এবার তিনটি ম্যাচেই গোলবার অক্ষত রাখার কৃতিত্ব দেখিয়েছে। ব্রাজিলের মতো বিদায় নিয়েছে আরেক লাতিন দল আর্জেন্টিনাও। তারা ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের কাছে ০-২ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। এদিকে, ইতালিকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠে সবাইকে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে ওঠার কৃতিত্ব দেখাল। আর সহআয়োজক নিউজিল্যান্ডও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে টুর্নামেন্টের বাকি অংশ দর্শক হয়েই থাকতে হবে তাদের।
কোয়ার্টার ফাইনালে স্পেন-জাপান: সবার আগে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে স্পেন। অকল্যান্ডের এডেন পার্কে গতকাল সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-১ গোলে হারায় সুইজারল্যান্ডকে। এ প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশ নারীরা। গতকাল ওয়েলিংটনে শেষ ষোলোর আরেক ম্যাচে নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় জাপানি মেয়েরা।
পাঁচদিন আগেই জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত স্পেন দারুণভাবে ঘুরে দাঁড়াল। রেকর্ড ৪৩ হাজার দর্শকের সামনে এ ম্যাচে স্পেন কর্তৃত্ব করে জিতেছে। আইতানা বোনমাতি দুটি এবং আলবা রেডন্ডো, লাইয়া কডিনা ও জেনিফার হারমোসো এক করে গোল করেন। আজ শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এ ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে শেষ আটের ম্যাচ খেলবে স্পেন।
এদিকে, দ্বিতীয় বিশ্বকাপ মুকুটের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে জাপান। ২০১১ সালের শিরোপাজয়ী দলটি গ্রুপ পর্বে স্পেনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে বিশেষ বার্তা দিয়ে রাখে। কাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে তারা শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল।
১৫ মিনিটে আত্মঘাতী গোল করে জাপানকে এগিয়ে দেন নরওয়ের ইনগ্রিদ ইনজেন। ২০ মিনিটে গুরো রেইতেন সমতা আনলেও পরে রিসা শিমিজু ও হিনাতা মিয়াজাওয়া গোল করে জাপানের জয় নিশ্চিত করেন।
চলতি বিশ্বকাপে জাপানি মেয়েরা মোট ১৪ গোল করলেও তাদের গোলকিপার হজম করে মাত্র একটি!
অবশ্য শেষ আটে কঠিন পরীক্ষার মুখে পড়বে জাপান। তাদের খেলতে হবে যুক্তরাষ্ট্র কিংবা সুইডেনের বিপক্ষে। দুটি দল নারী ফুটবলের পরাশক্তি। আজ শেষ আটে লড়বে টানা দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও সুইডেন।










