ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার লন্ডন ডার্বিতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। পয়েন্ট টেবিলে এ দুটি দল রয়েছে এক ও তিনে। চেলসির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। শনিবার রাতে লিডসকে ৩-২ গোলে হারানো ম্যানচেস্টার সিটি দুইয়ে উঠে গেছে। চেলসিকে দুই থেকে তিনে নামিয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। আজ আর্সেনাল চাইবে পয়েন্ট ব্যবধান বাড়াতে, আর চেলসি চাইবে সিটিকে টপকে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করতে। এমন বাস্তবতায় আজ রাতের ম্যাচটি বেশ উত্তাপ ছড়াচ্ছে।
শিরোপার রেসে বেশ পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে আর্নে স্লটের দল। এছাড়া বাকি বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ম্যানচেস্টার ইউনাইটেড ১৮ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে।
তৃতীয় স্থানধারী চেলসির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থাকায় নিরাপদে অবস্থান করছে আর্সেনাল। আজ জিতলে তারা আরেকটু এগিয়ে যাবে।
আগুণে লড়াইয়ের আগে দুই দলই আছে দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি, বায়ার্ন মিউনিখকে ৩-১-এ হারিয়েছে আর্সেনাল। তার আগে লিগ ম্যাচে চেলসি ২-০ গোলে জিতেছে বার্নলির মাঠে, আর আর্সেনাল ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে।
আজ চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে ওয়েস্ট হ্যামের মাঠে আর ম্যানইউ খেলতে যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় আজ রিয়াল মাদ্রিদ খেলবে জিরোনার মাঠে। শনিবার রাতে অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। যদিও আজ জিরোনাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোসদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
আজকের ম্যাচ
ক্রিস্টাল প্যালেস-ম্যানইউ, সন্ধ্যা ৬টা
ওয়েস্ট হ্যাম-লিভারপুল, রাত ৮.০৫টা
চেলসি-আর্সেনাল, রাত ১০টা
জিরোনা-রিয়াল মাদ্রিদ, রাত ২টা










