মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো শীর্ষ দুই পেসার চোটের কারণে খেলতে পারবেন না। তবু পাকিস্তান সিরিজ নিয়ে নির্ভীক বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তিনি আশা করছেন, এ দুজনের অনুপস্থিতিতে বাকিরা এগিয়ে আসবে, বাড়তি দায়িত্ব নেবেন।
গোঁড়ালির চোটের কারণে তাসকিন প্রায় দুই মাস মাঠে বাইরে। আর মুস্তাফিজ ২৪ মে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ম্যাচ খেলার সময় আঙুলের চোটে পড়েছেন। ফলে এ দুজনকে ছাড়াই আগামীকাল লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।
সোমবার বিকালে লাহোরে অনুশীলনের পাশাপাশি সাংবাদিকদের সিমন্স বলেছেন, ‘আমরা তো দেখলাম ফিজ (মুস্তাফিজ) আইপিএলে কেমন বোলিং করছিল। আমরা তার অভাব অনুভব করব। তবে হ্যাঁ, সিরিজে তার জায়গাটি নেয়ার সুযোগ এসেছে অন্য কারো সামনে। আমি তো আশা করব যে দলের কোনো এক বোলার মুস্তাফিজের শূন্যতা পূরণ করবে। তবে এটা ঠিক, তাসকিন ও ফিজের মতো দুই সিনিয়র বোলার ছিটকে পড়ায় দলের ভারসাম্য নষ্ট হবে।’
মুস্তাফিজের জায়গায় পেসার খালেদ আহমেদকে ডেকেছেন নির্বাচকরা। যদিও নাহিদ রানার জায়গায় কাউকে নেয়া হয়নি। নাহিদ রানা ব্যক্তিগত কারণে এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। খালেদ ছাড়া দলে পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ইনজুরিতে পড়া সৌম্য সরকারের জায়গায় নেয়া মেহেদী হাসান মিরাজ অবশ্য বোলিংয়ের শক্তি বাড়াবেন।

অনুশীলনে পেস বোলার হাসান মাহমুদ
আরব আমিরাতের মাঠে স্বাগতিকদের কাছে ১-২-এ সিরিজ হেরে যাওয়ার পরও হতাশ নন সিমন্স। তিনি আশাবাদী, লাহোরে তিন ম্যাচের সিরিজটা জিতে নেবে বাংলাদেশ। তার কথায়, ‘আরব আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন, তবে কখনো এটা আপনাকে জাগিয়ে তুলবে। আমাদের মনোবল চাঙ্গা রয়েছে, কাজেই আশা করছি এটা (আরব আমিরাতের ফল) দলটাকে জাগিয়ে তুলবে। আমি তো মনে করি, এখানে সিরিজ জেতার ভালো সুযোগ আছে আমাদের। মানুষজন বলে, পাকিস্তান ভালো করছে না। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করছি। আশাকরি, এ সিরিজে ভালো করব।’
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তো আছেনই। নতুন করে দলে যুক্ত হয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। তাদের নিয়ে সিমন্স বলেন, ‘আমি তো মনে করি, শুধু বোলারদের জন্যই নয়, তাকে (টেইট) পেয়ে গোটা দলই লাভবান হবে। এখানকার পরিস্থিতি, কন্ডিশন আমরা পর্যবেক্ষণ করছি। মুশি (মুশতাক) ও টেইট পিএসএলে ছিল, তাদের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি, যার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।’









