গতকাল রাতেই কানাডা ও মরক্কোর লড়াই দিয়ে শুরু হয়ে যায় শেষ ষোলোর খেলা। শেষ ষোলোর আগ পর্যন্ত মোট ৮৮টি ম্যাচে ২৫৭টি গোল হয়েছে। এর মধ্যে নিজেদেরই জালে করা ‘আত্মঘাতী’ গোল ছিল ১৪টি। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের ডিফেন্ডার মোহামেদ হানি করেন আত্মঘাতী গোল। এ নিয়ে চলতি আসরে দুবার আত্মঘাতী গোল করলেন তিনি।
শুক্রবার রাতে ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৫৫তম মিনিটে ভুল করে নিজেদের জালে বল পাঠান হানি। এতে ম্যাচে ১-১ গোলের সমতায় ফেরে ‘সকারু’রা। আত্মঘাতী গোল করার আগে মাথায় চোট পান তিনি। ৪৯তম মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান এ ডিফেন্ডার। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, জ্ঞান হারিয়ে ফেলেছেন। স্ট্রেচারও পাঠানো হয় মাঠে। তবে পরে উঠে দাঁড়ান। এর ৬ মিনিট পরই ভুলটা করে বসেন এ রাইট ব্যাক। বাম দিক থেকে প্রতিপক্ষের ফ্রি-কিকের সময় বক্সে সবার ওপরে লাফিয়ে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান আল আহলির ৩০ বছর বয়সী এ ডিফেন্ডার।
এটা ছিল চলতি আসরের ১৩তম আত্মঘাতী গোল। এক আসরে আগের সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড হয়েছিল ২০১৮ সালে, রাশিয়া বিশ্বকাপে। পরে আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচেও হয়েছে একটি আত্মঘাতী গোল। সব মিলিয়ে ২৩তম ফিফা বিশ্বকাপে আত্মঘাতী গোল হলো ১৪টি।
বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় ফুটবলার হিসেবে দুটি আত্মঘাতী গোল করলেন হানি। এবার তিনি প্রথম আত্মঘাতী গোল করেন গ্রুপ পর্বে, বেলজিয়ামের বিপক্ষে। সেদিন শুরুতে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে তার আত্মঘাতী গোলে ১-১ ড্র করে আফ্রিকান জায়ান্টরা, ফারাওরা হয়েছিল জয়বঞ্চিত। এবার নকআউট ম্যাচেও তিনি আত্মঘাতী গোল করলে বিপদে পড়ে যায় মিসর। যদিও ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে ‘সকারু’দের হারান সালাহরা।









