ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে মুকুট ধরে রাখলেন
যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। এ পথে তিনি মাইকেল জনসনের ২৬ বছরের পুরনো জাতীয়
রেকর্ড ভেঙে দিয়েছেন।
এদিন
‘আমেরিকান ক্লিন
সুইপ’ এনে দেন লাইলস
ও তার সতীর্থরা। কেনি বেদনারেক রৌপ্য আর এরিয়ন নাইটন ব্রোঞ্জ জয় করলে যুক্তরাষ্ট্র
পায় স্মরণীয় এক রাতের দেখা। উল্লেখ্য, চলতি আসরে এর আগে পুরুষ ও নারী ১০০ মিটার
স্প্রিন্টেও ক্লিন সুইপের কীর্তি হয়েছে। পুরুষদের ইভেন্টে ইতিহাসে তৃতীয়বারের মতো
আমেরিকান ক্লিন সুইপ আর নারী ইভেন্টে প্রথমবারের মতো ক্লিন সুইপের ইতিহাস গড়েন
জ্যামাইকানরা। এবার ২০০ মিটারেও ক্লিন সুইপ দেখল ইউজেনি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস
চ্যাম্পিয়নশিপ।
এটা ছিল মূলত লাইলস আর ১৮ বছর বয়সী সেনসেশন নাইটনের ডুয়েল। যদিও অনবদ্য
এক দৌড়ে বাঁক অতিক্রম করার পর জয়লাভ করেন লাইলসই। তিনি সময় নেন ১৯.৩১ সেকেন্ড। এক
সেকেন্ডের এক শতাংশ কম সময় নিয়ে তিনি জনসনকে পেছনে ফেলেছেন। ১৯৯৬ সালের আটালান্টা
অলিম্পিকে ১৯.৩২ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়েন আমেরিকান কিংবদন্তি জনসন। এবার তার
টাইমিংটা পেছনে ফেললেন লাইলস। যদিও এটা ইতিহাসের তৃতীয় দ্রুততম টাইমিং। তার চেয়ে
সেরা টাইমিং করেছেন জ্যামাইকান গ্রেট উসাইন বোল্ট (১৯.১৯ ও ১৯.২৬) এবং ইয়োহান ব্লেক (১৯.৩০)।
বেদনারেক ১৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও নাইটন ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
এদিকে, মেয়েদের
২০০ মিটার স্প্রিন্টে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন
জ্যামাইকার শেরিকা জ্যাকসন। তিনি সময় নেন ২১.৪৫ সেকেন্ড, যা ৩৪ বছর আগে হওয়া বিশ্বরেকর্ডের চেয়ে
মাত্র ০.১১ সেকেন্ড বেশি।
১০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখানো জ্যাকসনের
স্বদেশী শেলি-অ্যান
ফ্রেজার-প্রাইস
২১.৮১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও ব্রিটেনের ডিনা অ্যাশার-স্মিথ ২২.০২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ
জিতেছেন।
ওরেগনের ইউজেনিতে ১৫ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস
চ্যাম্পিয়নশিপ,
যা শেষ হবে
আগামীকাল ২৪ জুলাই। এবারের আসরে ১৯২টি দেশের মোট ১ হাজার ৯৭২ জন অ্যাথলিট
প্রতিদ্বন্দ্বিতা করেন।








