ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্পেনের লা লিগা ও ইতালির সিরি-এ লিগে শিরোপার নিষ্পত্তি এরই মধ্যে হয়ে গেছে। ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সে চলছে শেষ মুহূর্তের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শিরোপা উৎসব করতে পারে ম্যানচেস্টার সিটি। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনাল হারলে কিংবা আজ চেলসিকে হারিয়ে পেপ গার্দিওলার দল শিরোপা উৎসব করতে পারে।

৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানসিটি। ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল আর্সেনাল, যারা গতকাল রাতে মুখোমুখি হয় নটিংহ্যাম ফরেস্টের। ওই ম্যাচে আর্সেনাল হেরে থাকলে এতক্ষণে সিটির শিরোপা নিশ্চিত হয়ে গেছে। আর আর্সেনাল জিতলে আজ শিরোপা উৎসব করার সুযোগ আসবে ম্যানচেস্টার জায়ান্টদের সামনে।

আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলায় ম্যানসিটি অবশ্য বেশ কয়েকটি সুযোগ পাবে শিরোপা জেতার। আজ ঘরের মাঠে চেলসির বিপক্ষে, ২৪ মে ব্রাইটনের মাঠে ও ২৮ মে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে সিটিজেনরা। আর গতকালের ম্যাচ শেষে আর্সেনালের বাকি থাকল একটি—২৮ মে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেভিওয়েট রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলে ৫-১ গোলের ব্যবধানে হারানো সিটির সামনে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার মুকুট, প্রিমিয়ার লিগ ছাড়াও রয়েছে এফএ কাপ জয়ের সুযোগ। ৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। ১০ জুন তুরস্কের ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান।