লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে অজিরা ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়।

২৬৫০ দিন পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। এর আগে ২০১৮ সালে দুবাইতে সর্বশেষ অজিদের হারিয়েছিল তারা। সেই থেকে আট ম্যাচ খেলে সাতটিতে হেরেছে পাকিস্তান, একটি ম্যাচ ছিল ফলহীন। এবার বিশ্বকাপ সামনে রেখে লাহোরের ভরা গ্যালারির সামনে দারুণ এক জয় পেল সালমান আগার দল।

সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুন্যে জিতেছে পাকিস্তান। ব্যাট হাতে ১৮১ স্ট্রাইক রেটে ২২ বলে ৪০ রান করার পর বল হাতে ২৯ রানে ২ উইকেট নেন তিনি। পাকিস্তানের হয়ে সালমান আগা ২৭ বলে ৩৯, বাবর আজম ২০ বলে ২৪ ও উসমান খান ১৪ বলে ১৮ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪টি এবং মাহলি বিয়ার্ডম্যান ও জাভিয়ের বার্টলেট ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫১/২। ক্রিজে থিতু হয়ে যান ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রেন। যদিও দলীয় ৬৮ রানে রেনশ রানআউট হলে বিপর্যয়েও শুরু হয়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অতিথিরা। নবম উইকেটে বার্টলেট ও জাম্পা ২৬ বলে ৩৪ রান তুলেও জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে। স্পিনার আবরার আহমেদ ১০ রানে ২ উইকেট নেন।

শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সিরিজের দ্বিতীয় ও রোববার একই সময় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।