‘হোম অব ক্রিকেট’খ্যাত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল চতুর্থ দিন প্রথম সেশনে ২৮.৪ ওভারে আরো ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৬৯ রান তুলে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

আইসিসি ইভেন্টে ২৭ বছরের দীর্ঘ শিরোপা-খরা ঘুচাল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে ঢাকায় উইল ইন্টারন্যাশনাল কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল হ্যান্সি ক্রনিয়ের দল। এরপর ছিল প্রোটিয়াদের হৃদয় ভাঙার অসংখ্য গল্প। ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার করে সেমিফাইনালে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার ফাইনালে হেরেছে তারা। সর্বশেষ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তারা হেরে যায় ভারতের কাছে। এতবার কাছে গিয়েও হেরে যাওয়ায় ক্রিকেটের ‘চোকার্স’ তকমা পেয়ে যায় দলটি। অবশেষে আইসিসি ট্রফি উঠল তাদের হাতে। প্রোটিয়াদের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত।

২৮২ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ২১৩ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে তেম্বা বাভুমার দল। ৮ উইকেট হাতে নিয়ে শেষ দুই দিনে ৬৯ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। সকালে দ্রুতই অধিনায়ক তেম্বা বাভুমাকে (৬৬) ফেরান প্যাট কামিন্স। এরপর ত্রিস্তান স্টাবসকে (৮) বোল্ড করে লড়াই জমিয়ে তোলেন মিচেল স্টার্ক।

দুই উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তখন বুক চিতিয়ে লড়ে সেই চাপ থেকে প্রোটিয়াদের বের করে আনার চেষ্টা করে যান এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহ্যাম। দলটি জয় থেকে ১৪ রান দূরে, এমন সময় জস হ্যাজেলউডকে এক ওভারে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে পরস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে যান আত্মবিশ্বাসী মার্করাম। ওই ওভারের শেষ বলে মিড উইকেটে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে মার্করামকে ফেরান ট্রাভিস হেড। ২০৭ বলে ১৪ বাউন্ডারিতে ১৩৬ রানের বীরত্বপূর্ণ ইনিংস খেলেন ওপেনার মার্করাম।

পঞ্চম উইকেট পতনের পর প্রচণ্ড স্নায়ুচাপ থাকলেও কাইল ভেরাইনাকে (৪*) নিয়ে ৬ রান তুলে দলের জয় নিশ্চিত করেন বেডিংহ্যাম (২১*)। লর্ডসে ১৪১ বছরের টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় সফলতম রান তাড়ার রেকর্ড।

এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ২০২১ সালে প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড, ২০২৩ সালে দ্বিতীয় ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ও ২০২৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতে নেয়। তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে লর্ডসে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২১২ ও ২০৭। দক্ষিণ আফ্রিকা: ১৩৮ ও ২৮২/৫ (মার্করাম ১৩৬, বাভুমা ৬৬; স্টার্ক ৩/৩৩)। ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।