যুক্তরাষ্ট্রের ইউজেনিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের মুকুট জিতে ইতিহাস গড়লেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। এটা ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে তার পঞ্চম স্বর্ণপদক। তিনি সময় নিয়েছেন ১০.৬৭ সেকেন্ড। একক কোনো ইভেন্টে পাঁচটি স্বর্ণপদক আর কারো নেই।

 

ছেলেদের ১০০ মিটারে আমেরিকান ক্লিন সুইপের পর এবার নারী ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকান ক্লিন সুইপ দেখল ইউজেনি চ্যাম্পিয়নশিপ। শেরিকা জ্যাকসন ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও এলাইন থম্পসন-হেরাহ ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

 

পুরুষদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট তিনবার এমন ঘটনা ঘটলেও নারীদের ক্ষেত্রে এই প্রথম। যদিও এই তিন নারী গত বছর টোকিও অলিম্পিকে তিনটি পদক ভাগাভাগি করেন। এছাড়া জ্যামাইকার মেয়েরা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকেও এই কীর্তি গড়েন। যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই প্রথম।

 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এর আগে ২০০৯ সালে বার্লিনে, ২০১৩ সালে মস্কোয়, ২০১৫ সালে বেইজিংয়ে, ২০১৯ সালে দোহায় ও এবার ইউজেনিতে ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করলেন ৩৫ বছর বয়সী ফ্রেজার-প্রাইস। এছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারেও তার একটি স্বর্ণ রয়েছে। সব মিলে, ছয়টি ওয়ার্ল্ড মুকুট জিতেছেন এই জ্যামাইকান। আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিলেসহ তার মোট স্বর্ণ ১০টি। এছাড়া দুটি রৌপ্য পদকও জিতেছেন তিনি। ২০১৭ সালে সন্তানের জন্মের পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ জিতেছেন ফ্রেজার-প্রাইস।

 

ইতিহাসের অন্যতম সেরা এই স্প্রিন্টার ২০০৮ সালের বেইজিং অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১০০ মিটারে মুকুট জয় করেন। ২০২০ সালে টোকিওতে শুধু রিলেতে স্বর্ণ জিততে পেরেছেন। সব মিলে, তার অলিম্পিক স্বর্ণ তিনটি, আর অলিম্পিক পদকসংখ্যা আটটি।

 

জ্যামাইকান গ্রেট রোববার রাতের এই ইভেন্টে জয় শেষে বলেন, এমন মেধা পেয়ে ও ৩৫ বছর বয়সেও এমন পারফর্ম করতে পেরে আমি ভাগ্যবান। সন্তান হওয়ার পরও আমি যেভাবে ছুটছি, আশাকরি এটা অন্য নারীদের অনুপ্রাণিত করবে। ক্যারিয়ারে এত বেশি উত্থান-পতনের পরও আমি আবার এখানে দাঁড়াতে পারছি, এটা আসলে কল্পনাও করা যায় না।

 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক মিলিয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্লিন সুইপের অংশ হওয়া ফ্রেজার-প্রাইস বলেন, এ নিয়ে তৃতীয়বার ওয়ান-টু-থ্রির অংশ হতে পেরে আমি শিহরিত।

 

২০১৯ সালে সবচেয়ে জ্যেষ্ঠ নারী হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ের রেকর্ড গড়া ফ্রেজার-প্রাইস তিন বছর পর জিতলেন আরেকটি স্বর্ণ এবং এই বয়সেও তার থামার কোনো লক্ষণ নেই। কৃতী এই অ্যাথলিট বলেন, এটা আমার পছন্দের বিশ্ব শিরোপা-যা ৩৫ বছর বয়সে পেলাম, হ্যাঁ আমি বলেছি ৩৫। যতদিন আমি ফিট থাকব, সুস্থ থাকব ততদিন খেলে যাব। আমি ক্ষুধার্ত এবং উদ্দীপ্ত। কাজেই যতক্ষণ এই বিশ্বাস অটুট থাকবে ততদিন আমি থামছিও না।