শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। গলে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে দারুণ জয় পায় সফরকারীরা। ওই টেস্টের চতুর্থ দিন হাঁটুতে ব্যথা পান পেসার আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এ কারণে আগামী রোববার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না শাহীন শাহের। তার জায়গায় একাদশে জায়গা পেতে পারেন আরেক পেসার হারিস রউফ।
হাঁটুর চোটের কারণে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ ওভার বল করতে পেরেছেন আফ্রিদি। তবে প্রথম ইনিংসে লংকানদের ২২২ রানে গুটিয়ে দিতে বড় অবদান ছিল তার। ১৪.১ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।
আর একটি উইকেট পেলেই টেস্টে ১১তম পাকিস্তানের বোলার হিসাবে ১০০ উইকেটে শিকারের মাইলফলর্ক স্পর্শ করতেন তিনি। এখন তার শিকারে রয়েছে ৯৯ উইকেট। ফলে একশো উইকেটের অপেক্ষাটা একটু বাড়লো আফ্রিদির। ক্রিকইনফো








