এ বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ল দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে হারের দুদিন পর আজ সোমবার তারা হারল নেদারল্যান্ডসের কাছে। ৬ উইকেটে ৩৭৪ রান করেও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। ডাচরা ৯ উইকেটে ৩৭৪ রান করলে ম্যাচটি ‘‌টাই’ হয়ে যায়। পরে সুপার ওভারে জয় তুলে নেয় উজ্জীবিত ডাচরা।

 

সুপার ওভারে হোল্ডারের করা ৬ বল থেকে ৩০ রান তুলে নেন লোগান ফন বিক। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এরপর বল হাতেও বাজিমাত করেন ফন বিক। ৮ রান দিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট শিকার করে ডাচদের অবিশ্বাস্য জয় এনে দেন। এর আগে মূল ম্যাচে ১৪ বলে ২৮ রান করে ডাচদের চেজে ভূমিকা রাখেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান নিকোলাস পুরান ও নেদারল্যান্ডসের সেঞ্চুরিয়ান তেজা নিদামানুরুকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন ফন বিক।

 

এই হারের পর ‘‌এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে জিম্বাবুয়ে ৮ ও নেদারল্যান্ডস ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। এই গ্রুপ থেকে তিনটি দল উঠবে সুপার সিক্সে। ‘‌বি’ গ্রুপ থেকেও উঠবে তিনটি। সুপার সিক্সের শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের টিকিট। ক্যারিবিয়ানদের পক্ষে এই পয়েন্ট কাভার করা অসম্ভবই হতে পারে।

 

আজ জিম্বাবুয়ে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে। আগে ব্যাটিং করে শন উইলিয়ামসের ১৭৪ রানের ইনিংসে ভর করে ৪০৮ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে আমেরিকানরা ২৫.১ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায়।

 

রানের হিসেবে এটা ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম জয়। সর্বোচ্চ জয়টা ভারতের। এ বছর ঘরের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলংকাকে ৩১৭ রানে হারের লজ্জা দেয় তারা। তিনশর বেশি রানে জেতার নজির এই দুটিই।