আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে পেল বাংলাদেশ। মঙ্গলবার নিশিনে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে লিটন কুমারদের সেমিফাইনালে ওঠার ম্যাচ।

মালয়েশিয়া ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং হংকং গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নেপাল এবং রানার্সআপ হিসেবে আফগানিস্তান কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।

এশিয়াড ক্রিকেটে গতকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। মালয়েশিয়ার খেলার কথা ছিল ওমানের বিপক্ষে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। এতে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে মালয়েশিয়া। ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ আটের টিকিট পায় হংকং। দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া ওমান বিদায় নিয়েছে। ‘বি’ গ্রুপে রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

‘এ’ গ্রুপে গতকাল নেপাল-জাপানের খেলাটিও বৃষ্টিতে ভেসে যায়। স্বাগতিক জাপান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় জাপান। গ্রুপের শীর্ষ দল নেপাল কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলংকার বিপক্ষে ও গ্রুপ রানার্সআপ আফগানিস্তান খেলবে শক্তিশালী ভারতের সঙ্গে।

আইসিসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত, বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তান। প্রথম পর্ব কিংবা বাছাইপর্ব খেলে ছয় দলের মধ্য থেকে কোয়ার্টার ফাইনালে এসেছে আরো চারটি দল। সোমবার শুরু হবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। পরদিন প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ। সেদিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলংকা।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের ১১৬ রানের জবাবে ৮ উইকেটে ১১৪ রান তুলেছিল দলটি। এবার বাংলাদেশকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে সমর্থ হবে মালয়েশিয়া?

এশিয়ান গেমস ক্রিকেট শুরু হয় ২০১০ সালের গুয়াংঝু আসর নিয়ে। প্রথম আসরেই স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ। এরপর ২০১৪ সালের ইনচন আসর ও ২০২৩ সালের হাংঝু আসরে বাংলাদেশ পায় ব্রোঞ্জ পদক। বাংলাদেশের মেয়েরা আগের তিনটি আসর থেকে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতলেও এবার ফিরেছে খালি হাতে।

লিটন দাসের দলের সামনে তাই দেশের জন্য গৌরব বয়ে আনার চ্যালেঞ্জ।