থাইল্যান্ডে চলমান প্রথম নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করল বাংলাদেশ। আজ বুধবার শ্রীলংকাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাবিনা খাতুনের দল।

৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। সমান ম্যাচে ভারত ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। এরপর পাকিস্তান (৭), ভুটান (৫), নেপাল (৪), শ্রীলংকা (১) ও মালদ্বীপ (০)।

প্রথম ম্যাচে ভারতকে হারালেও পরের ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে বসে বাংলাদেশ। এরপর টানা নেপাল ও শ্রীলংকাকে হারালেন সাবিনারা। দলের এ সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা। তিনি আজ করেছেন জোড়া গোল। এছাড়া কৃষ্ণা রানী সরকার দুটি এবং মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল করেন। ৬ গোল করে যুগ্মভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা সাবিনা।

প্রথমার্ধ ২-২ গোলের সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে বাংলাদেশ। এ সময় লংকানরা একটি গোল করতে সমর্থ হয়।

শুক্রবার পাকিস্তান ও রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দুটি ম্যাচ জিতলেই প্রথম আসরের শিরোপা জিতে নেবে লাল-সবুজরা।