অ্যাশেজের প্রথম টেস্টেই জমে উঠেছে লড়াই। জো রুটের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড। আজ উসমান খাজার সেঞ্চুরিতে ভর করে ইংলিশদের দারুণ জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ৫ উইকেটে ৩১১ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে অজিরা। ৫ উইকেট হাতে নিয়ে আর ৮২ রানে পিছিয়ে তারা।  

 

বার্মিংহামে অ্যাশেজের প্রথম টেস্টে বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার স্কোরটা হঠাৎই হয়ে যায় ২৯/২। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন ইংল্যান্ডের গতি তারকা স্টুয়ার্ট ব্রড। দলীয় ৬৭ রানে স্টিভ স্মিথকে ফেরান অধিনায়ক বেন স্টোকস।

 

এরপর শুরু হয় খাজার লড়াই। ট্রাভিস হেডকে (৫০) নিয়ে ৮১, ক্যামেরন গ্রিনকে (৩৮) নিয়ে ৭২ রানের জুটি গড়ার পর অ্যালেক্স ক্যারিকে নিয়ে ৯১ রানের জুটি গড়ে অবিচ্ছিন দুজন। খাজা ১২৬ ও ক্যারি ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৬ বছর বয়সী খাজার এটা টেস্টে ১৫তম সেঞ্চুরি।