এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্ট দলের নেতৃত্ব পেলেন কৃতী ব্যাটার বাবর। এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্টের সিরিজ সামনে রেখে দলে এ পরিবর্তন আনল পিসিবি। এ সফরের জন্য গতকাল ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। নেতৃত্ব হারালেও ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পেয়েছেন শান মাসুদ।

২০২৩ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক ছিলেন শান মাসুদ। তার সময়েই হোম ও অ্যাওয়েতে দুবার বাংলাদেশের কাছে ২-০-তে টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান। সর্বশেষ গত মে মাসে বাংলাদেশ সফরে এসে ২-০-তে হারের পরই শান মাসুদের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

শান মাসুদের সময় পাকিস্তান ১৬ টেস্টের মধ্যে ১২টিতেই হেরেছে। এটাই তার নেতৃত্ব হারানোর কারণ বলে জানালেন সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, আর এর দায়ভার অধিনায়কের কাঁধেই যায়। এ কারণেই আমরা পরিবর্তন এনেছি। সিদ্ধান্ত গ্রহণের বেলায় যেমন ধারাবাহিকতা প্রয়োজন, তেমনি ফলাফলেও ধারাবাহিকতা লাগে। সুযোগ পেলে একজন খেলোয়াড় কিংবা অধিনায়ক কেমন পারফর্ম করে, সেটি আমাদের দেখতে হয়। বোর্ড ও নির্বাচক প্যানেল হরহামেশাই পরিবর্তন চায় না, তবে কখনো কখনো ফলাফল দেখে তা করতেও হয়। আশা করি বাবর পারফর্ম করবে এবং দলও তার নেতৃত্বে ভালো করবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও নুমান আলী। ইনজুরির কারণে দলে নেই সৌদ শাকিল। তিনি অবশ্য ইংল্যান্ড সফরের দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

পেস বোলার মোহাম্মদ আলী ও আমির জামাল আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। ফাস্ট বোলার উবায়েদ শাহ, বামহাতি স্পিনার আলী উসমান ও আওয়াইস জাফর টেস্ট দলে ডাক পেয়েছেন।

নয় দলের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বর্তমানে তলানিতে রয়েছে পাকিস্তান। চার ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে তারা। দলের ভাগ্য পরিবর্তনের আশায় নির্বাচকরা নতুন পেস অ্যাটাকের শরণাপন্ন হচ্ছেন। খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী উবায়েদ শাহ। পিসিবির নির্বাচক আকিব জাভেদ বলেন, ‘আমরা আমাদের পেস বোলারদের নিয়ে উদ্বিগ্ন। টেস্টের তৃতীয় দিন আমাদের পেস বোলারদের গতি ১২৬ কিলোমিটারের নিচে নেমে যাওয়াটা মেনে নেয়া যায় না, বিশেষ করে বাংলাদেশে একটি টেস্টে। এজন্যই উবায়েদ শাহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা মনে করি, পরবর্তী দুটি সিরিজে আমাদের গতির প্রয়োজন পড়বে এবং এসব খেলোয়াড়কে পাঁচটি টেস্টে পারফর্ম করেই দলে জায়গা ধরে রাখতে হবে।’