পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে শারজায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ইমন ৫৪ বলে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০০ রান করে বাংলাদেশকে এনে দেন ১৯১ রানের পুঁজি। জবাবে আরব আমিরাত ১৬৪ রানে অলআউট হলে স্বস্তির জয় পায় লিটন দাসের দল। আজ সিরিজ জিততে নামছে টাইগাররা। আজও হার্ডহিটার ইমন থাকবেন স্পটলাইটে। তাকে ঘিরে নিশ্চিতভাবেই আলাদা পরিকল্পনা থাকবে স্বাগতিক দলের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি করা ইমন গতকাল বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। ড্রেসিংরুমে আসার পর মনে পড়েছে যে তামিম ভাই (তামিম ইকবাল) প্রথম সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে ভালো লাগছে, তামিম ভাইকে ছোটবেলা থেকে ফলো করতাম। কাজেই ওনার পর আমার নামটা আসছে, আলহামদুলিল্লাহ। তামিম ভাইয়ের একশর কথাও মনে আছে। ওমানের সঙ্গে একশ করেছিলেন। ওনার সব খেলা দেখি সব সময়।’