টেস্ট ইতিহাসেরই দ্বিতীয় সফলতম পেস বোলার স্টুয়ার্ট ব্রড ওভাল টেস্টের তৃতীয় দিন জানিয়ে দেন, তিনি এই টেস্ট শেষে অবসর নেবেন। এই টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের টার্গেট দিয়ে জয়ের আশাই করছিল স্বাগতিকরা। এ পথে বাধ সাধে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ও পরে বৃষ্টি। যদিও এর কোনোটিই শেষ পর্যন্ত ব্রডের বিদায়ী উপহার আটকাতে পারল না। জিতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। সেই সঙ্গে শেষ দিন শেষ বিকালে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রেখেই টেস্ট থেকে অবসর নিলেন অলরাউন্ডার মঈন আলী।

 

এবারের অ্যাশেজে টানা দুই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর ব্যবধান কমায় বেন স্টোকসের দল। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টির কারণে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় ইংলিশরা। তাতে অ্যাশেজের শিরোপা রেখে দেয় অজিরা। কিন্তু ওভাল টেস্ট সিরিজ সিরিজ ড্র করতে পারল স্বাগতিকরা। ২০০১ সালের পর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ হারেনি ইংলিশরা।

 

৩৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন বিনা উইকেটে ১৩৫ রান তুলে নেয় অজিরা। আজ পঞ্চম ও শেষদিন সফরকারীরা একটি পর্যায়ে ৩ উইকেটে ২৩৮ রান তুলে নিলে ও পরে বৃষ্টির বাগড়ায় ইংলিশদের শঙ্কা জাগে। যদিও শেষ সেশনে ক্রিস ওকস (৪/৫০), মঈন আলী (৩/৭৬) ও ব্রড (২/৬২) মিলে ধসিয়ে দেন অজিদের ব্যাটিং লাইনআপ। আলী ও ব্রড বিদায়বেলায় স্মরণীয় এক জয় এনে দেন ইংল্যান্ডকে।

 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৮৩ ও ৩৯৫। অস্ট্রেলিয়া: ২৯৫ ও ৩৩৪। ফল: ইংল্যান্ড ৪৯ রানে জয়ী। সিরিজ: ২-২-এ ড্র।