অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২০১৮ সালের ৪ জুলাই মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জা পায় বাংলাদেশ। চার বছর পর সেই একই মাঠে আরেকবার ব্যাটিং বিপর্যয়। বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ রানের মধ্যে তিন উইকেট ও ৪৫ রানের মধ্যে ৬ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে গেছে।
তৃতীয় দফায় বাংলাদেশ টেস্ট দলে নেতৃত্বে ফিরেছেন সাকিব। ২০০৯ সালে তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ। দ্বীপদেশে ২০১৮ সালের সফরেও নেতৃত্বে ছিলেন সাকিব। সেবারই নর্থ সাউন্ডে ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কাকতালীয়ভাবে আবারো তার নেতৃত্বে দেশটিতে ব্যাটিং লজ্জা!
এদিন বাংলাদেশের ছয় ব্যাটার শূন্য রানে আউট হন। এর মধ্য দিয়ে ইনিংসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা যুগ্মভাবে আরেকবার স্পর্শ করে বাংলাদেশ। গত মাসে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষেও ৬ ব্যাটার শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে টাইগাররা ছুঁয়েছিল দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের রেকর্ড। লজ্জার এই রেকর্ডটা এখন দু দুবার বাংলাদেশের নামের পাশে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন তামিম ইকবাল, যিনি এদিন মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু লিটন দাস (১২)।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেইডেন সিলস ও আলজারি জোসেফ তিনটি করে এবং কেমার রোচ ও কাইল মায়ার্স দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৫ ওভারে কোনো রানই তোলেনি ক্যারিবিয়ানরা!









