জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড
কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা। আজ রোববার হারারেতে
অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারায় সিংহলিজরা। আগে
ব্যাটিং করে ২৩৩ রানের সংগ্রহ গড়েও বোলারদের কল্যাণে বড় জয় পায় সাবেক
বিশ্বচ্যাম্পিয়নরা।
সাহান আরাচ্চিগে (৫৭), কুশল মেন্ডিস (৪৩), চারিথ
আসালঙ্কা (৩৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (২৯) ব্যাটে ভর করে ২৩৩ রানের পুঁজি পায়
শ্রীলংকা। বিক্রমজিৎ সিং, লোগান ফন বিক, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার দুটি করে
উইকেট নেন। এরপর লংকান বোলাররা দাঁড়াতেই দেননি ডাচ ব্যাটারদের। মহীশ থিকসানা
(৪/৩১), দিলশান মাদুশঙ্কা (৩/১৮) ও হাসারাঙ্গার (২/৩৫) বলের সামনে কোনো জবাব ছিল
না ডাচদের কাছে। ম্যাক্স ও’ডাউড সর্বোচ্চ ৩৩ রান করেন।
তবে এই হারের পরও খুব একটা দুঃখ নেই ডাচদের। কেননা
তারা এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। প্রথমে শ্রীলংকা, তারপর
নেদারল্যান্ডস বিশ্বকাপে উত্তীর্ণ হয়। আজ হারেরেতে ‘নমস্ত ইন্ডিয়া’ লেখা বিশাল বোর্ড
সামনে রেখে ফটোসেশন করেছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস উভয় দলের খেলোয়াড়রা।
৬০০ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নিয়েছেন জিম্বাবুয়ের
শন উইলিয়ামস। তিনি হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। যদিও তার দল এবার বিশ্বকাপে
উঠতে ব্যর্থ হয়েছে।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে
শুরু হবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ
খেলতে নামবে শ্রীলংকা। ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে
আফগানিস্তানের। একই দিন শ্রীলংকা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।










