ডান হাতের আঙুলে চোট নিয়ে বিশ্বকাপের সব ম্যাচ খেলছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলেও শুধু বিশ্বকাপ খেলার জন্য তা এড়িয়ে গেছেন এই ফুটবলার।
গতকাল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমি বলেন, হ্যাঁ, এখনো প্রতিদিনই ব্যথা হয়। আমি জানতাম প্রচন্ড ব্যথা থাকবে। তবু অপারেশন করাইনি। যতজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছি, সবাই বলেছিলেন অপারেশন না করলে খেলা সম্ভব হবে না।
গত ২০ মে ইউরোপা লিগ ফাইনালের আগে অ্যাস্টন ভিলার হয়ে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকাতে চোট পান এমি। সেই চোটের কারণেই বিশ্বকাপের শুরুতে অনুশীলন করতে পারেননি তিনি। আলাদা করে বিশেষ ট্রেনিং করতে হয়েছিল।
তিনি বলেন, গ্ৰুপ পর্বে আমি দলের সঙ্গে অনুশীলন করতে পারিনি। এতে খারাপ লাগছিল, কারণ সতীর্থদের সঙ্গে প্র্যাকটিস করতে আমি ভালবাসি। তবে মিশরের ম্যাচের পর থেকে একটু হলেও সুস্থ আছি। এখন অনেক ভাল লাগছে।
চোট থাকা সত্ত্বেও আর্জেন্টিনার সব ম্যাচেই খেলেছেন এমি। গ্ৰুপ পর্বে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ও অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ জয়ের ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এ নায়ক।
আজ রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ফাইনালে নামবেন মার্টিনেজ। তিনি আরো বলেন, স্পেন খুব ভাল দল। ওদের অনেক ফুটবলারই প্রিমিয়ার লিগে খেলে। লামিন ইয়ামালরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। তবে আমরাও দুর্বল দল নই।









