আইপিএলে রেকর্ড ছোঁয়া ষষ্ঠ সেঞ্চুরি করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতালেন বিরাট কোহলি। এই জয়ে নকআউট পর্রে যাওয়ার রেসে টিকে থাকল বেঙ্গালুরু।

 

সানরাইজার্সের ৫ উইকেটে করা ১৮৬ রানের জবাব দিতে নেমে চার বল হাতে রেখে আট উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। অবিশ্বাস্য এই রান তাড়ায় নেতৃত্ব দেন কোহলি। তিনি মাত্র ৬২ বলে সেঞ্চুরি করেছেন। এ পথে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়ে প্রথম উইকেট জুটিতে ১৭২ রান যোগ করেন কোহলি। ডু প্লেসি করেন ৭১ রান।

 

৬৩ বলে ১০০ রানে শেষ হয় কোহলির ইনিংস। ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল আইপিএলে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। এবার তাকে ছুঁয়ে ফেললেন কোহলি।  

 

১২টি চার ও চারটি ছক্কায় ইনিংসটি সাজান কোহলি। তার সেঞ্চুরির সামনে বিফলে যায় সানরাইজার্সের হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরি। এই প্রোটিয়া ব্যাটার ৫১ বলে ১০৪ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। যদিও এই রান দিয়ে তারা বেঙ্গালুরুকে আটকাতে পারেনি।

 

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু (১৩ ম্যাচে ১৪ পয়েন্ট)। তাদের সঙ্গে শেষ চারে ওঠার রেসে আছে চেন্নাই সুপার কিংস (১৩ ম্যাচে ১৫ পয়েন্ট), লখনউ সুপার জায়ান্টস (১৩ ম্যাচে ১৫ পয়েন্ট), মুম্বাই ইন্ডিয়ান্স (১৩ ম্যাচে ১৪ পয়েন্ট) ও রাজস্থান রয়্যালস (১৩ ম্যাচে ১২ পয়েন্ট)। গুজরাটের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে। এখন এই চার দল থেকে তিনটি পাবে প্লে-অফের টিকিট।

 

শুক্রবার রাতে মুখোমুখি হবে পাঞ্জাব সুপার কিংস ও রাজস্থান।