আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তার আগে শ্রীলংকায় আজ আরেকটি ভারত-পাকিস্তান লড়াই। এটি দুই দেশের ‘এ’ দলের দ্বৈরথ। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি উপমহাদেশের দুই ক্রিকেট জায়ান্ট। কলম্বোয় ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

শ্রীলংকায় আট দলের এসিসি মেনস ইমার্জিং কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের কাছে হার মানে সাইফ হাসানের দল। আরেক সেমিতে শ্রীলংকাকে হারায় পাকিস্তান।

এশিয়ার পাঁচটি টেস্ট প্লেয়িং দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকার সঙ্গে এ আসরে অংশ নেয় নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। সবার ‘এ’ দল অংশ নিলেও শুধু নেপালের জাতীয় দল এ আসরে খেলেছে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ইমার্জিং কাপের।