ইংল্যান্ড অধিনায়ক হ্যারি
কেনকে নিয়ে চুক্তিতে নীতিগতভাবে একমত হয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম ও জার্মান ক্লাব বায়ার্ন
মিউনিখ। তার দলবদলে স্পার্সরা পাবে ১০০ মিলিয়ন ইউরো (৮৬.৪ মিলিয়ন পাউন্ড)।
স্পার্সদের সঙ্গে বর্তমান
চুক্তির এখনো এক বছর বাকি রয়েছে কেনের। এখন তাতেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি থাকবেন
নাকি চলে যাবেন।
৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে
হ্যারি কেনই টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার। তবে স্পার্সদের শিরোপাখরায় তিনি এই
ক্লাবটি ছাড়তে চান। চলতি মৌসুমে তো চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না দলটি।
চলতি গ্রীষ্মকালীন দলবদলের
শুরুতে তাকে নিয়ে আগ্রহ দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও পরবর্তীতে বায়ার্ন তাকে
কেনার রেসে নামে এবং তারাই জয়ী হচ্ছে। এর আগে গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকে বাভারিয়ানদের
বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয় স্পার্সরা। তখন লন্ডনে তার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা
তৈরি হয়। অবশেষে এটা পরিষ্কার হলো, তার ভবিষ্যত কোন দিকে যাচ্ছে।
২০১২ সালে টটেনহামের জার্সিতে
অভিষেক কেনের। সেই থেকে তিনবার (২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুম) তিনি লিগের সর্বোচ্চ
গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন।
প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে
কেন করেছেন ২১৩ গোল। অ্যালান শিয়েরারের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর ৪৮ গোল। কিন্তু
কেন জার্মানিতে নাম লেখালেন শিয়েরারের রেকর্ডটা হয়তো আরো কিছুদিন অক্ষত থাকবে।
তিনি ইংল্যান্ডেরও সর্বোচ্চ
গোলদাতা। জাতীয় দলের হয়ে করেছেন ৫৮ গোল। যদিও জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে বড় কোনো শিরোপা
জিততে পারেননি এই কৃতী স্ট্রাইকার। এখন স্বপ্নপূরণের জন্যই তিনি জার্মানি পাড়ি জমাচ্ছেন।
বাভারিয়ান ক্লাবটি নিয়মিতই শিরোপা জয় করে। গত মৌসুমে তারা টানা ১১তম ও সব মিলে ৩৩তম
বুন্দেসলিগা শিরোপা জিতেছে। এছাড়া ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ ও ২০ বার জার্মান কাপ জিতেছে
বায়ার্ন।










