টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার। কলম্বোয় সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। কলকাতায় বিকাল সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায় আরেক ভেন্যু মুম্বাইতে, যেখানে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আরব সাগরের তীরবর্তী ঐতিহ্যবহুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, যার মূল আকর্ষণ খ্যাতিমান ড্যান্সার নোরাহ ফাতেহি।

বলিউড তারকাদের উপিস্থিতিতে নাচ-গানে মুগ্ধতা ছড়াবে উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই থাকবে ঋষভ শর্মার পারফরম্যান্স। এরপর মাঠে আসবে বিশ্বকাপের ঝলমলে ট্রফি। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয় করে ভারত। কাল উদ্বোধনী অনুষ্ঠানে সেই রোহিত থাকছেন ট্রফির সঙ্গে। এছাড়া থাকছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অংশগ্রহণকারী ২০ দলের প্রতিনিধি হিসেবে ২০টি শিশু অংশ নেবে অনুষ্ঠানে। জয় শাহ ও রোহিত শর্মা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এরপর ভারতীয় র‍্যাপার বাদশাহ ও নোরাহ ফাতেহি মঞ্চ মাতাবেন। তাদের সঙ্গে থাকবেন আরো বহু আর্টিস্ট। তাদের পারফরম্যান্সের পর পাইরোটেকনিস আর লেজার শোর প্রদর্শনী দিয়ে পর্দা নামবে উদ্বোধনী অনুষ্ঠানের। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ।